শেষ দিনে চমক, রূপগঞ্জে লিটন-মিরাজ জুটি

Date:

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেটের দুই দিনের ট্রান্সফার উইন্ডোর শেষ দিনেও সেই উত্তেজনার কমতি ছিল না। মিরপুরে শেষ হওয়া এই প্রক্রিয়ায় সবচেয়ে বড় চমক হিসেবে সামনে এসেছে লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের লিজেন্ড অব রূপগঞ্জে যোগদান। প্রথমবারের মতো একই ক্লাবের হয়ে মাঠে নামতে যাচ্ছেন জাতীয় দলের এই দুই তারকা।

এই ট্রান্সফার উইন্ডোতে মোট ১২টি ক্লাবের হয়ে ১৩৫ জন ক্রিকেটার নাম লিখিয়েছেন। দেশের অনেক তারকা ক্রিকেটারই রোববার সিসিডিএম কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। তবে সব আলো কেড়ে নিয়েছে লিটন-মিরাজের যুগলবন্দি। দীর্ঘদিন ধরেই ডিপিএলের শিরোপা খরা কাটাতে চাওয়া রূপগঞ্জ এবার শক্তিশালী দল গড়ে নতুন স্বপ্ন দেখছে।

দলবদলের পর মিরাজ আত্মবিশ্বাসী কণ্ঠে জানিয়েছেন, ‘অবশ্যই লক্ষ্য থাকবে চ্যাম্পিয়ন হওয়া। দলটা শক্তভাবে গড়া হয়েছে। আশা করি, আমরা সবাই যদি ভালো বোঝাপড়া নিয়ে একসঙ্গে খেলতে পারি, তাহলে অবশ্যই চ্যাম্পিয়ন হতে পারব।’

অন্যদিকে লিটন দাস মনে করিয়ে দিয়েছেন জাতীয় দলের দায়িত্বই সবার আগে। বর্তমানে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ব্যস্ত বাংলাদেশ দল, আর ডিপিএল শুরু হওয়ার কথা মে মাসের প্রথম সপ্তাহে। তিনি বলেন, ‘অবশ্যই আমরা সিনিয়র খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ চেষ্টা করব। তবে আপনি জানেন, আমাদের প্রথম অগ্রাধিকার জাতীয় দল। এরপর যত ম্যাচ পাব, ক্লাবকে সর্বোচ্চ সহায়তা করার চেষ্টা করব।’

রূপগঞ্জ তাদের স্কোয়াড আরও শক্তিশালী করতে দলে ভিড়িয়েছে শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, ইরফান শুক্কুর, হাবিবুর রহমান সোহান এবং শরিফুল ইসলামের মতো খেলোয়াড়দের। আন্তর্জাতিক ব্যস্ততায় যারা অনুপস্থিত থাকবেন, তাদের বিকল্প হিসেবে নেওয়া হয়েছে আশিকুর রহমান শিবলি, সামিউন বাশার রাতুল ও স্বাধীন ইসলামকে।

এদিকে রূপগঞ্জ শিবির জানিয়েছে, পেসার মোস্তাফিজুর রহমানের ইনজুরি পরিস্থিতি পর্যবেক্ষণের পরই তার প্রাপ্যতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সব মিলিয়ে শক্তিশালী দল গড়ে এবার ডিপিএলে বড় কিছু করার প্রত্যয়ে এগোচ্ছে রূপগঞ্জ।

Popular

More like this
Related

আশা ভোসলের কণ্ঠে কালজয়ী হিন্দি ও বাংলা গানগুলো

ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলের বিদায়কে সংগীতপ্রেমীরা দেখছেন...

কেরাণীগঞ্জে আগুনের ঘটনায় নিহত ও আহতদের পরিবারের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কেরাণীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের...

শুক্রবার দ্বিতীয় মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, দাবি ইরানের

শুক্রবার দ্বিতীয় আরেকটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে ইরানের...

পৃথিবীর সঙ্গে ৪০ মিনিট যোগাযোগ বিচ্ছিন্ন থাকবেন নভোচারীরা, কী করবেন তখন

মানব ইতিহাসে পৃথিবী থেকে এখন সবচেয়ে দূরে অবস্থান করছেন...