গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা জেমিনাইতে যুক্ত হচ্ছে নতুন সুবিধা। এখন কেবল প্রশ্নের উত্তর দেওয়া নয়, ব্যবহারকারীর হয়ে বিভিন্ন কাজও করতে পারবে এই এআই।
প্রযুক্তি সাময়িকী টেকক্রাঞ্চ জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার গুগল ক্লাউডের এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। শুরুতে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো এই সুবিধা পাবে। পরে সাধারণ ব্যবহারকারীদের জন্যও এটি চালু করা হবে।
নতুন এই এআই এজেন্ট একটি জায়গা থেকেই বিভিন্ন কাজ করতে পারবে। কাজের পরিকল্পনা তৈরি, কোড লেখা, সভার সময় ঠিক করা, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া এবং ভ্রমণের মতো কাজও এর মাধ্যমে করা সম্ভব হবে।
এআই প্রযুক্তি এখন কেবল প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই। ব্যবহারকারীর হয়ে নির্দিষ্ট দায়িত্ব পালন করতে পারে, এমন এআইয়ের ব্যবহারও বাড়ছে। মেটার মিউজ, ইনস্টিংক্ট এবং সম্প্রতি চালু হওয়া চ্যাটজিপিটির ডটসের মতো এআই সেবার পর গুগলও এ পথে এগোচ্ছে।
গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই অনুষ্ঠানের শুরুতে জানান, বর্তমানে জেমিনাইর মাসিক ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটির বেশি। ফরচুন ১০০ তালিকায় থাকা বড় প্রতিষ্ঠানগুলোর প্রায় ৯০ শতাংশ কর্মক্ষেত্রে জেমিনাই এন্টারপ্রাইজ ব্যবহার করছে বলেও জানান তিনি।
ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে জেমিনাইর ব্যাপক ব্যবহার থাকায় গুগল শুরুতে তাদের জন্যই নতুন এআই এজেন্ট চালু করছে। পরে সাধারণ ব্যবহারকারীদের জন্যও এটি আনার পরিকল্পনা রয়েছে।
গুগল ক্লাউডের প্রধান নির্বাহী কর্মকর্তা থমাস কুরিয়ান বলেন, নতুন এআই এজেন্টকে কেবল নির্দেশ দেওয়ার বদলে নির্দিষ্ট লক্ষ্যও দেওয়া যাবে। সেই লক্ষ্য পূরণে এআই নিজেই কাজের পরিকল্পনা তৈরি করতে পারবে, প্রয়োজনীয় দক্ষতা ও প্রযুক্তিগত সরঞ্জাম ব্যবহার করতে পারবে এবং প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিভিন্ন ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে কাজ শেষ করতে পারবে।
সাধারণ কাজের জন্য উপযুক্ত এআই মডেলটি নিজেই বেছে নেবে জেমিনাই। তবে ব্যবহারকারীরা চাইলে নিজেরাই মডেল নির্বাচন করতে পারবেন। শুরুতে অন্য প্রতিষ্ঠানের তৈরি মডেলগুলোর মধ্যে অ্যানথ্রপিকের ক্লড ব্যবহারের সুযোগ থাকবে।
জেমিনাই এজেন্টের কাজের অগ্রগতি দেখার জন্য থাকবে ‘টাস্ক ইনবক্স’ নামে একটি ব্যবস্থা। এর মাধ্যমে ব্যবহারকারীরা দেখতে পারবেন, এআই কীভাবে কাজের পরিকল্পনা করছে, ছোট ছোট কাজ অন্য এআই এজেন্টের কাছে ভাগ করে দিচ্ছে কি না, বিশেষ দক্ষতা ও কোড ব্যবহার করছে কি না এবং কাজ কত দূর এগিয়েছে।
গুগলের তথ্য অনুযায়ী, এআই এজেন্টটির নিজস্ব ওয়ার্কস্পেস অ্যাকাউন্টও থাকবে। অনেকটা প্রতিষ্ঠানের একজন কর্মীর মতোই এর নিজস্ব ই-মেইল ঠিকানা ও কাজের প্রাসঙ্গিক তথ্য থাকবে।
আইওএস ও অ্যান্ড্রয়েডচালিত মুঠোফোন, উইন্ডোজ ও ম্যাক কম্পিউটার, কমান্ড লাইন ইন্টারফেস, গুগল ওয়ার্কস্পেস, মাইক্রোসফট ৩৬৫, সার্ভিসনাও এবং স্ল্যাক থেকে এই এজেন্ট ব্যবহার করা যাবে।
