অভ্যুত্থানে রামপুরায় হত্যাকাণ্ডের রায় স্থগিতের আবেদন করবেন চিফ প্রসিকিউটর

Date:

জুলাই গণঅভ্যুত্থানে রামপুরায় দুই হত্যাকাণ্ড ও অন্য আরও দুজনকে গুলি করার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলার রায় স্থগিতের আবেদন করবেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

আজ মঙ্গলবার তিনি দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন। 

প্রসিকিউশন ও ডিফেন্স উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আগামীকাল বুধবার তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য করেছিল।

যোগাযোগ করা হলে আমিনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘প্রসিকিউশন রায় স্থগিতের আবেদন করবে। আমরা মনে করি কিছু ঘাটতি রয়ে গেছে এবং সেগুলো ঠিক করার সুযোগ আমাদের আছে।’ 

এ মামলায় তৎকালীন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজন সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

অন্য আসামিরা হলেন—তৎকালীন ডিএমপি (খিলগাঁও জোন) অতিরিক্ত উপকমিশনার রাশেদুল ইসলাম, তৎকালীন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান, তৎকালীন উপপরিদর্শক তরিকুল ইসলাম ভূঁইয়া ও তৎকালীন রামপুরা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক চঞ্চল চন্দ্র সরকার। 

তাদের মধ্যে শুধু চঞ্চল হেফাজতে রয়েছেন, বাকি চারজন পলাতক।

প্রসিকিউশনের তথ্যমতে, ২০২৪ সালের ১৯ জুলাই রামপুরায় পুলিশি অভিযানে ছয় বছর বয়সী মুসা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। একই গুলি শিশুটির শরীর ভেদ করে তার দাদি মায়া বেগমকে আঘাত করে, যিনি পরে মারা যান। 

একই ঘটনায় আরেক ভুক্তভোগী মো. নাদিমও গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

ওইদিনের আরেকটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। 

ভিডিওতে দেখা যায়, ১৮ বছর বয়সী আমির হোসেন একটি নির্মাণাধীন ভবনের কিনারায় ঝুলে থাকার সময় দুই পুলিশ সদস্য কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। 

গত বছরের ৭ আগস্ট প্রসিকিউশন পাঁচ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেয়। ১৭ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে তিনটি অভিযোগে চার্জ গঠন করে।

গত ১৬ অক্টোবর এ মামলার বিচারকাজ শুরু হয়।

Popular

More like this
Related

সবুজবাগের সেই ধর্ষক নাজমুস সাকিবের বিরুদ্ধে ব্ল্যাকমেইলের অভিযোগ

রাজধানীর সবুজবাগে সংঘটিত একটি নৃশংস ধর্ষণ মামলার অভিযুক্ত নাজমুস...

আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক...

ক্ষেপণাস্ত্র বনাম প্রতিরক্ষা ব্যবস্থা, কত দিন চলবে প্রতিযোগিতা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এখন মূলত দুটি দৃশ্যের লড়াইয়ে পরিণত...

সাইফ-নাইমের ব্যাটে চড়ে বিসিএল ওয়ানডের শিরোপা জিতল সেন্ট্রাল জোন

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট লিগের...