হাসারাঙ্গার বদলি হিসেবে হেমন্থকে নিল শ্রীলঙ্কা

Date:

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ইভেন্ট টেকনিক্যাল কমিটি ওয়ানিন্দু হাসারাঙ্গার পরিবর্তে শ্রীলঙ্কা দলে লেগ স্পিনার দুশান হেমন্থকে অন্তর্ভুক্ত করার অনুমোদন দিয়েছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলেছেন ৩১ বছর বয়সী হেমন্থ। তাকে স্কোয়াডে নেওয়া হয়েছে তারকা লেগ স্পিনার হাসারাঙ্গা চোট পেয়ে ছিটকে যাওয়ায়। গত ৮ ফেব্রুয়ারি কলম্বোতে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি।

হাসারাঙ্গার মাঠের বাইরে চলে যাওয়া নিঃসন্দেহে শ্রীলঙ্কার জন্য বড় ধাক্কা। এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে তাদের ২০ রানের জয়ে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। ৩ উইকেট নিয়েছিলেন ২৫ রানের বিনিময়ে। তাকে যোগ্য সঙ্গ দিয়েছিলেন মহিশ থিকশানা। সমান সংখ্যক শিকার ধরতে তার খরচা ছিল ২৩ রান।

টি-টোয়েন্টি সংস্করণে হাসারাঙ্গা লঙ্কানদের সবচেয়ে কার্যকর বোলার। আর বিশ্বকাপের মঞ্চে তার পারফরম্যান্স চোখ ধাঁধানো। ২০ ইনিংসে হাত ঘুরিয়ে মাত্র ৬.০১ ইকোনমি রেটে নিয়েছেন ৪০ উইকেট। এমন একজন ম্যাচ-উইনারকে হারানো মানে শুধু একজন খেলোয়াড় নয়, পুরো দলের ভারসাম্য হারানো।

সুপার এইট পর্বে জায়গা করে নেওয়ার লক্ষ্যে আগামী বৃহস্পতিবার ওমানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে আরও আছে অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে।

বিশ্বকাপে কোনো খেলোয়াড়কে আনুষ্ঠানিকভাবে দলে যুক্ত করার জন্য ইভেন্ট টেকনিক্যাল কমিটির (ইটিসি) অনুমোদনের প্রয়োজন হয়। এবারের আসরের ইভেন্ট টেকনিক্যাল কমিটিতে রয়েছেন আইসিসির জেনারেল ম্যানেজার (ক্রিকেট) ওয়াসিম খান, আইবিসি প্রতিনিধি গৌরব সাক্সেনা, আয়োজক প্রতিনিধি হেমাং আমিন ও স্বতন্ত্র প্রতিনিধি শন পোলক।

এই কমিটি মাইকেল ব্রেসওয়েলের বদলি খেলোয়াড় নেওয়ারও অনুমোদন দিয়েছে নিউজিল্যান্ডকে। তিনি গত ৮ ফেব্রুয়ারিই চেন্নাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনের সময় পায়ে চোট পেয়েছিলেন।

Popular

More like this
Related

এই সরকার কোনো দলের পক্ষে নয়: পররাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, 'এই...

ডেইলি স্টার–প্রথম আলোতে হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশ

দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর ওপর সাম্প্রতিক হামলা,...

চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ১৪ জনকে বাংলাদেশে পুশ ইন

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ১৪ জনকে বাংলাদেশে পুশ ইন...

বিএনপিতে যোগ দিলেন গণঅধিকারের রাশেদ

বিএনপিতে যোগ দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।...