হাদির জানাজা শেষে শাহবাগে জমায়েত, হত্যাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

Date:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা শরিফ ওসমান হাদির জানাজা শেষে আজ শনিবার বিকেলে হাজারো মানুষ রাজধানীর শাহবাগ মোড়ে জমায়েত হয়। 

সেখানে হাদির হত্যাকারীদের গ্রেপ্তারে সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় ইনকিলাব মঞ্চ।

হাদির দাফন শেষে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, আগামীকাল বিকেল সোয়া ৫টার মধ্যে শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো জবাব না এলে আবারও শাহবাগে অবস্থান নেওয়া হবে। 

এ সময় উপস্থিত লোকজন ‘ইনকিলাব, ইনকিলাব—জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘দিল্লি না ঢাকা—ঢাকা, ঢাকা’সহ বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি তারা শাহবাগ মোড়ের নাম পরিবর্তন করে ‘হাদি চত্বর’ রাখার দাবিও জানান। 

এর আগে, বিকেল সাড়ে ৩টার পর থেকে শাহবাগ মোড়ে জড়ো হতে থাকে লোকজন। এসময় সেখানে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। 

হাদির দাফন শেষে বিকেল সাড়ে ৪টার পর শাহবাগে জমায়েত বড় হতে থাকে। এতে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। 

অনেককে সেখানেই আসরের নামাজ আদায় করতে দেখা যায়। এরপর বিকেল সাড়ে ৫টার দিকে তারা শাহবাগ ত্যাগ করা শুরু করেন।

এর আগে দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বিকেল ৩টা ৪৮ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। 

আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন শরিফ ওসমান হাদি। 

গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন তিনি। 

পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। 

গত বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গতকাল তার মরদেহ দেশে পৌঁছায়।

Popular

More like this
Related

তারেক রহমানকে সংবর্ধনা: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে কি না, দেখবেন রিটার্নিং কর্মকর্তা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার দেশে ফিরে...

দেশে ফিরে তারেক রহমানের প্রথম ৩ দিনের কার্যক্রম জানালেন সালাহউদ্দিন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল দুপুর ১২টার দিকে...

মগবাজার ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ, নিহত ১

রাজধানীর মগবাজার এলাকায় ককটেল বিস্ফোরণে একজন নিহত হয়েছেন।আজ বুধবার...

তারেক রহমানের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করছে সরকার: প্রেস সচিব

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে সরকার...