হরমুজ নিয়ে ইরানকে চাপ না দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের, মিত্রদের ওপর ক্ষুদ্ধ

Date:

হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ওপর চাপ প্রয়োগের প্রচেষ্টা থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ মঙ্গলবার মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজের হোয়াইট হাউস প্রতিনিধি উইজিয়া জিয়াংকে দেওয়া ফোন সাক্ষাৎকারে এমন ইঙ্গিত দেন ট্রাম্প।

এ সময় মার্কিন মিত্রদের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

ট্রাম্প জানান, ইরান যুদ্ধে অন্যান্য দেশগুলো সামরিক সহায়তা না পাঠানোয় তিনি হতাশ।

তিনি বলেন, ‘আমি এক সময় সরে আসব, তবে এখনই নয়। কিন্তু অন্যান্য দেশগুলোকে এগিয়ে আসতে হবে এবং এর দায়িত্ব নিতে হবে। ইরান এখন ধ্বংসপ্রায়, কিন্তু বাকি কাজটা তাদেরই (মিত্রদের) করতে হবে।’

পারস্য উপসাগরীয় দেশগুলোর অবকাঠামোতে ইরান হামলা চালালেও হরমুজ প্রণালিতে ‘প্রকৃত কোনো হুমকি’নেই বলেও দাবি করেছেন ট্রাম্প।

তিনি বলেন, ‘অন্য দেশগুলোর যদি তেল পেতে সমস্যা হয়, তবে তাদের উচিত নিজেরাই গিয়ে তা সংগ্রহ করা। তারা কাউকে সাহায্য করতে চায় না। তাই তেল চাইলে নিজেরা গিয়ে নিয়ে নাও।’

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালেও মিত্রদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।

পোস্টে মিত্রদের বিদ্রূপ করে তিনি লিখেছেন, ‘যেসব দেশ হরমুজ প্রণালির কারণে জেট ফুয়েল পাচ্ছে না, যেমন যুক্তরাজ্য, যারা ইরানের পতন নিশ্চিত করতে আমাদের সঙ্গে যোগ দেয়নি, তাদের জন্য আমার পরামর্শ হলো: এক, আমেরিকার কাছ থেকে তেল কেনো, আমাদের প্রচুর আছে। দুই, কিছুটা সাহস সঞ্চয় করে প্রণালিতে যাও এবং নিজের তেল নিজে সংগ্রহ করো।’

পোস্টে ‘যুক্তরাষ্ট্র আর সাহায্য করবে না’ উল্লেখ করে যার যার লড়াই তাকেই করতে বলেছেন ট্রাম্প।

এ বিষয়ে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের ভেতরে এমন আলোচনা চলছে যে, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিশ্চিত না করেও ইরানের সঙ্গে যুদ্ধের ইতি টানতে পারেন ট্রাম্প। কারণ সামরিক সহযোগিতায় প্রণালিটি খুলে দিতে গেলে সংঘাত দীর্ঘায়িত হতে পারে, যা ট্রাম্পের নির্ধারিত সময়সীমার বাইরে চলে যাবে।

সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ ইস্যুতে ইউরোপীয় মিত্রদের সঙ্গেও যুক্তরাষ্ট্রের টানাপোড়েন বাড়ছে। মার্কিন যুদ্ধবিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় ইতোমধ্যে ফ্রান্সকে ‘অসহযোগিতাকারী’ বলে সমালোচনা করেছেন ট্রাম্প।

একইসঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘যুক্তরাষ্ট্র এটি মনে রাখবে।’

স্পেনও এই যুদ্ধে মার্কিন সামরিক বিমান ব্যবহারে তাদের আকাশসীমা নিষিদ্ধ করেছে। অন্যদিকে ইতালিও তাদের সিসিলি ঘাঁটিতে মার্কিন বোমারু বিমান অবতরণের অনুরোধ প্রত্যাখ্যান করেছে।

Popular

More like this
Related

ইরান যুদ্ধে ইউরোপ কি প্রচ্ছন্ন প্রতিরোধ গড়ে তুলছে?

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান এক মাসব্যাপী সংঘাত ক্রমেই আন্তর্জাতিক...

বিমানবন্দর থেকে ফেরার পথে প্রবাসীর গাড়িতে ডাকাতি, গুলিবিদ্ধ চালক

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সৌদি ফেরত এক প্রবাসীর গাড়িতে ডাকাতির...

মধ্যপ্রাচ্যে মেটা, গুগল ও অ্যাপলসহ মার্কিন প্রযুক্তি কোম্পানিতে হামলার হুমকি ইরানের

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মধ্যপ্রাচ্যে মেটা, গুগল...

ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স, সমালোচনায় মুখর ট্রাম্প

ইরানে হামলায় ইউরোপীয় মিত্রদেশগুলোকে পাশে না পেয়ে আবারও তাদের...