বুধবার থাইল্যান্ডে সাফ উইমেন’স ফুটসাল চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে ৬-৩ গোলের বড় জয় পেয়েছে বাংলাদেশ। অধিনায়ক সাবিনা খাতুন ও ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকারের জোড়া গোলে এই জয়ের সুবাদে টুর্নামেন্টের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে ফিরেছে তারা।
এই জয়ের পর ৪ ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ১০ পয়েন্ট। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে নেমে গেছে ভারত।
ম্যাচের ফলাফল একপাক্ষিক মনে হলেও প্রথমার্ধে বেশ কঠিন পরীক্ষা দিতে হয়েছে সাঈদ খোদরাহমির শিষ্যদের। ম্যাচের শুরুর ১৫ মিনিটের মধ্যেই ২-০ গোলে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। বল দখলে আধিপত্য দেখালেও গোলরক্ষক স্বপ্না আক্তার ঝিলির দুর্বল পারফরম্যান্সে গোল হজম করতে হয় তাদের।
তবে বিপদের মুখে আবারও ত্রাতা হয়ে আবির্ভূত হন সাবিনা ও কৃষ্ণা। তাদের দারুণ বোঝাপড়া ও নৈপুণ্যে ম্যাচে ফেরে বাংলাদেশ। বিরতির আগেই সাবিনা দুইবার লক্ষ্যভেদ করেন, যার প্রতিটির সঙ্গে জড়িয়ে ছিল কৃষ্ণার অ্যাসিস্ট।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নেয় বাংলাদেশ, যোগ করে আরও চার গোল। কৃষ্ণা নিজে দুইবার জালে বল জড়ান। এছাড়া মাৎসুশিমা সুমাইয়া ও মাসুরা পারভীন একটি করে গোল করলে শ্রীলঙ্কার পরাজয় নিশ্চিত হয়ে যায়।
শ্রীলঙ্কার হয়ে শুরুতে শানু পাস্কারান লিড এনে দেওয়ার পর ইমেশা কানকানামলাগে প্রথমার্ধে একটি গোল করেন। ম্যাচের শেষ মুহূর্তে ইমেশা নিজের দ্বিতীয় গোলটি করলেও তা কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে।