শপথ নিলেন নেপালের ‘র‍্যাপার’ প্রধানমন্ত্রী বালেন্দ্র

Date:

র‍্যাপার থেকে রাজনীতিতে নাম লেখানো বালেন্দ্র শাহ নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তিনি দেশটির ৪৭তম প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল তাকে এই পদে নিযুক্ত করেন।

আজ শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময় শাহের পরনে ছিল আঁটসাঁট ট্রাউজার্স ও জ্যাকেট, মাথায় সিগনেচার কালো নেপালি টুপি আর চোখে সানগ্লাস।

রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে দেশি-বিদেশি কূটনীতিক ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রয়টার্সের খবরে এমনটি জানানো হয়েছে।

দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক মন্দায় ভুগতে থাকা হিমালয় কন্যা নেপালে রাজনৈতিক ভারসাম্য রক্ষা ও নতুন কর্মসংস্থান তৈরির দায়িত্ব এখন বালেন্দ্র শাহের কাঁধে।

গত ৫ মার্চের নির্বাচনে শাহের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) ২৭৫ সদস্যবিশিষ্ট সংসদে ১৮২টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। গত বছরের সেপ্টেম্বরে দুর্নীতিবিরোধী জেন-জি আন্দোলনে ৭৬ জন নিহতের পর এটিই ছিল নেপালের প্রথম সাধারণ নির্বাচন।

রাজধানী কাঠমান্ডুর সাবেক মেয়র ৩৫ বছর বয়সী বালেন্দ্র শাহ গত কয়েক দশকের মধ্যে নেপালের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী। তিনি মাধেসি নৃগোষ্ঠীর প্রথম কোনো নেতা হিসেবে দেশটির নেতৃত্ব দিতে যাচ্ছেন। এই নৃগোষ্ঠী মূলত ভারতের সীমান্তবর্তী নেপালের দক্ষিণ সমতল এলাকায় বসবাস করে।

রাজনৈতিক বিশ্লেষক পুরঞ্জন আচার্য বলেন, নতুন সরকারের প্রথম পরীক্ষা হলো জনগণের কাছে স্বচ্ছ ও দ্রুত সেবা পৌঁছে দেওয়া। মানুষ আগামী রোববার থেকেই সুশাসনের প্রাথমিক লক্ষণগুলো দেখতে চায়।

তিনি আরও বলেন, শাহের জন্য অন্যতম প্রাথমিক চ্যালেঞ্জ হলো দুর্নীতিবিরোধী আন্দোলনের সময় ঘটে যাওয়া সহিংসতার তদন্ত প্রতিবেদন বাস্তবায়ন করা। এটি ভুক্তভোগী পরিবারগুলোর একটি প্রধান দাবি ছিল। ওই তদন্ত প্রতিবেদনে তৎকালীন প্রধানমন্ত্রী কে পি শর্মা অলিসহ সেই দমন-পীড়নের জন্য দায়ীদের বিচারের আওতায় আনার সুপারিশ করা হয়েছে।

কর্মসংস্থানের অভাব এবং সর্বব্যাপী দুর্নীতিই ছিল তিন কোটি মানুষের এই দেশে তরুণদের সেই গণবিক্ষোভের মূল কারণ। নেপালের মোট জনসংখ্যার এক-পঞ্চমাংশই চরম দারিদ্র্যের মধ্যে বাস করে এবং জীবিকার সন্ধানে প্রতিদিন গড়ে প্রায় দেড় হাজার মানুষ দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমায়।

দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা এশীয় দুই পরাশক্তি ভারত ও চীনের মাঝখানে অবস্থিত নেপালের জন্য এক অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। ১৯৯০ সাল থেকে এ পর্যন্ত ৩২টি সরকার ক্ষমতায় এলেও কোনোটিই তাদের পাঁচ বছরের পূর্ণ মেয়াদ শেষ করতে পারেনি। 

Popular

More like this
Related

চট্টগ্রামে অবৈধভাবে মজুত ৬০০০ লিটার ডিজেল জব্দ

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা...

আকাশ হামলা প্রতিরক্ষা নিয়ে রিয়াদ-কিয়েভ চুক্তি

ইরানের ড্রোন হামলায় সৌদি আরবের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।...

ইতালি কোচের সতর্কবার্তা: বসনিয়ার বিপক্ষে ‘আগুনঝরা’ লড়াই

ইতালির সামনে এখন শেষ বাধা বসনিয়া ও হার্জেগোভিনা। বিশ্বকাপ...

গোপালগঞ্জে হাসপাতালে ঢুকে রোগীকে কুপিয়ে জখম

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক যুবককে কুপিয়ে...