লা লিগায় ৫৩ ম্যাচে ৫০ গোলের মাইলফলক এমবাপের, উপরে কেবল রোনালদো

Date:

হাঁটুর চোট কাটিয়ে প্রায় এক মাস পর শুরুর একাদশে ফিরেই জাল খুঁজে নিলেন কিলিয়ান এমবাপে। ফলে স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদের জার্সিতে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করলেন ফরাসি স্ট্রাইকার। সেজন্য ভীষণ ছন্দে থাকা বিশ্বকাপজয়ী তারকার লাগল মাত্র ৫৩ ম্যাচ।

শনিবার রাতে লা লিগার ম্যাচে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে লেভান্তেকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল। নিষ্প্রভতার কারণে প্রথমার্ধে ভক্তদের তীব্র দুয়োধ্বনির মুখে পড়েছিল তারা। তবে গা ঝাড়া দিয়ে বিরতির পর ঘুরে দাঁড়ায় আলভারো আরবেলোয়ার শিষ্যরা। স্পট-কিক থেকে এমবাপে লক্ষ্যভেদ করার পর ব্যবধান বাড়ান রাউল আসেনসিও।

দ্বিতীয় দ্রুততম খেলোয়াড় হিসেবে চলতি শতাব্দীতে লা লিগায় ৫০ গোলের মাইলফলক ছুঁয়েছেন এমবাপে। পিএসজি ছেড়ে ২০২৪ সালের গ্রীষ্মে রিয়ালে যোগ দেওয়ার পর গত মৌসুমে ৩৪ ম্যাচে ৩১ গোল করেন তিনি। জেতেন আসরের সর্বোচ্চ গোলদাতার সম্মাননা পিচিচি ট্রফি। চলতি মৌসুমেও ফর্ম ধরে রেখে পুরস্কারটি নিজের দখলে রাখার পথে এগোচ্ছেন তিনি। ১৯ ম্যাচে ১৯ গোল নিয়ে আছেন সবার উপরে।

এই শতাব্দীতে এমবাপের চেয়ে এগিয়ে আছেন কেবল রিয়ালেরই সাবেক ফুটবলার ক্রিস্তিয়ানো রোনালদো। ৫০ গোলের মাইলফলকে পৌঁছাতে পর্তুগিজ মহাতারকার দরকার পড়েছে স্রেফ ৫১ ম্যাচ। ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত লস ব্লাঙ্কোদের ডেরায় থেকে ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডের মালিকও হয়েছেন তিনি। অতিমানবীয় পারফরম্যান্সে লা লিগায় ২৯২ ম্যাচে করেছেন ৩১১ গোল।

লেভান্তের বিপক্ষে স্বস্তির জয়ের পর এমবাপের প্রশংসায় আরবেলোয়া বলেছেন, ‘আমি তার প্রচেষ্টার জন্য কৃতজ্ঞ। সে আমাদের নেতা। সে (খেলার জন্য) দারুণ পরিশ্রম করেছে। হাঁটুর ব্যথা নিয়েও সে মাঠে নামতে এবং দলকে সাহায্য করতে চেয়েছে। সে একজন অসাধারণ ছেলে ও জন্মগত নেতা।’

রোনালদো ও এমবাপের পর তালিকার তিন নম্বরে রয়েছেন বার্সেলোনার সাবেক উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। লা লিগায় ৫০ গোলের মাইলফলকে যেতে তার লেগেছে ৫৯ ম্যাচ। সেরা পাঁচের পরবর্তী দুটি স্থানে আছেন অ্যাতলেতিকো মাদ্রিদের সাবেক কলম্বিয়ান স্ট্রাইকার রাদামেল ফ্যালকাও (৬৪ ম্যাচ) ও বার্সার পোলিশ স্ট্রাইকার রবার্ত লেভানদোভস্কি (৭৮ ম্যাচ)।

২০ ম্যাচে ১৫ জয় ও তিন ড্রয়ে লা লিগায় ৪৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রিয়াল। ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে অবস্থান শিরোপাধারী বার্সেলোনার। তারা অবশ্য একটি ম্যাচ কম খেলেছে।

Popular

More like this
Related

পল্টনে ইনকিলাব মঞ্চের ওসমান হাদি গুলিবিদ্ধ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র...

বিশ্বকাপ বর্জন নাকি অংশগ্রহণ— পাকিস্তানের চূড়ান্ত সিদ্ধান্ত কবে জানালেন নাকভি

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে আলোচনার পর দেশটির ক্রিকেট...

ওসমান হাদি লাইফ সাপোর্টে

রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র...

বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন আবেদন প্রত্যাখ্যান করল আইসিসি

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে...