রূপলাল-প্রদীপকে পিটিয়ে হত্যা: জামিনে বেরিয়ে পরিবারকে হুমকি

Date:

রংপুরের তারাগঞ্জ উপজেলায় রূপলাল দাস ও তার ভাগ্নি জামাই প্রদীপ লালকে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলা তুলে নিতে আসামিরা হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় নিহত রূপলালের স্ত্রী মালতী রানী গতকাল সোমবার তারাগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।

মালতী রানী দ্য ডেইলি স্টারকে বলেন, গত বছরের ৯ আগস্ট আমার স্বামী রূপলাল ও জামাতা প্রদীপ লালকে ‘মব’ সৃষ্টি করে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার পরদিন ১০ আগস্ট আমি বাদী হয়ে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা করি। পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে ও ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করে।

তিনি বলেন, গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে রুবেল পাইকার (৩০) জামিনে মুক্তি পাওয়ার পর
গত ২২ জানুয়ারি তারাগঞ্জ বাজারে আমাকে ও ছেলে জয় রবিদাসকে মামলা তুলে নিতে হুমকি দেন। আরেক আসামি সোহাগ ইসলামও বিভিন্ন সময় মামলা তুলে নিতে আমাদের ভয়-ভীতি দেখিয়ে আসছেন।

তিনি আরও বলেন, ন্যায়বিচারের আশায় মামলা করেছিলাম। কিন্তু এখন উল্টো আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। বড় মেয়েরে বিয়ে দিয়েছি। বাড়িতে আমি, বৃদ্ধা শাশুড়ি, ছোট দুই ছেলে-মেয়ে থাকে। আমরা খুব অসহায় হয়ে পড়েছি। নিরুপায় হয়ে থানায় অভিযোগ করেছি।  

‘পুলিশ ও প্রশাসন নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে এলাকায় বসবাস করা আমাদের পক্ষে আর সম্ভব হবে না’, যোগ করেন তিনি।  

রূপলালের ছেলে স্কুলশিক্ষার্থী জয় রবিদাস বলে, আমার বাবাকে পিটিয়ে হত্যার ভিডিওতে রুবেল ও সোহাগকে স্পষ্ট দেখা গেছে। এখন সোহাগ প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়িয়ে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। রুবেল জামিনে বের হয়ে আমাদের ভয় দেখাচ্ছে। বাবা হত্যার বিচার চেয়ে এখন আমরাই নিরাপত্তাহীনতায় ভুগছি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে রুবেল পাইকার বলেন, হুমকি দেওয়ার অভিযোগ সম্পূর্ণ বানোয়াট। মামলায় আসামি ৭০০ জন। তাহলে আমি কেন হুমকি দেবো? এছাড়া আমি ওই পরিবারের কাউকেই চিনি না। তাদের বাড়ি কোথায় সেটাও জানি না।

আরেক আসামি সোহাগ ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

তারাগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন ডেইলি স্টারকে বলেন, পুলিশ অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে কঠোর
ব্যবস্থা নেওয়া হবে। নিহত রূপলালের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গত বছরের গত ৯ আগস্ট রাতে তারাগঞ্জ–কাজিরহাট সড়কের বুড়িরহাট বটতলায় ভ্যানচোর সন্দেহে গণপিটুনিতে নিহত হন রূপলাল (৪৮) ও তার ভাগ্নি জামাই প্রদীপ লাল রবিদাস (৪৭)।

Popular

More like this
Related

মানিকগঞ্জে যৌথ অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, বোমা ও ককটেল উদ্ধার

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় দুর্গম এলাকা থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, বোমা,...

পরীক্ষা করা খাদ্যের ৩৩ শতাংশই অনিরাপদ: নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশে যেসব খাবারের নমুনা পরীক্ষা করা হয়েছে...

রাজনৈতিক সহিংসতার ৬০০ ঘটনায় নিহত ১৫৮

২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে সারা...

চট্টগ্রাম-৪ আসনে নির্বাচন করতে পারবেন বিএনপির আসলাম চৌধুরী

চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে...