রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন ক্লপ

Date:

রিয়াল মাদ্রিদ থেকে জাভি আলনসোর বিদায়ের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন লিভারপুলের সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপ। স্প্যানিশ এই ক্লাবটি তাদের কঠিন ও নির্মম সিদ্ধান্তের জন্য পরিচিত হওয়ায় আলনসোর চলে যাওয়া তার কাছে যেমন বিস্ময়ের, তেমনি আবার অনুমেয়ও ছিল। এদিকে রিয়ালে যোগ দেওয়ার গুঞ্জন উড়িয়ে ক্লপ বলেন, ‘আমি শান্তিতে আছি।’

রিয়ালের সাবেক মিডফিল্ডার জাভি আলনসো সান্তিয়াগো বার্নাব্যুর ডাগআউটে আট মাসও টিকতে পারেননি। স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনার বিপক্ষে ৩-২ গোলে হারের পরদিনই ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়েন তিনি।

লাইপজিগে এএফপিসহ অন্যান্য সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ক্লপ বলেন, ‘যখন জাভি আলনসোর খবরটি শুনলাম, আমার অনুভূতি ছিল মিশ্র। হ্যাঁ, আমি যেমন বিস্মিত হয়েছি, আবার বিস্ময়ের কিছুও ছিল না এতে। আমার মনে হয়েছিল—কী? এবং হ্যাঁ, এটাই তো হওয়ার কথা।’

১৯৯৮ সালে চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর মাত্র আট দিন পর ইয়ুপ হাইঙ্কেসকে রিয়াল বরখাস্ত করেছিল কেবল লা লিগা জিততে না পারার কারণে। সেই প্রসঙ্গ টেনে ক্লপ বলেন, ‘রিয়াল যখন টেবিলের শীর্ষে থাকে না, তখন তাদের আচরণ সব সময় এমনই হয়।’

৫৮ বছর বয়সী ক্লপ, যিনি বর্তমানে রেড বুলের গ্লোবাল হেড অফ ফুটবল হিসেবে কাজ করছেন, মনে করেন জাভি আলনসোকে সরানোর পর রিয়ালের কাছে পরবর্তী কোনো কার্যকর পরিকল্পনা নেই। তার মতে, উপযুক্ত উত্তরসূরি খুঁজে পাওয়া ক্লাবটির জন্য এখন কঠিন হবে।

ক্লপ বলেন, ‘আমি পরামর্শ দেব—যদি কোনো কোচকে বরখাস্ত করা হয়, তবে তার পরবর্তী স্থলাভিষিক্ত কে হবেন সে সম্পর্কে আগে থেকেই ধারণা থাকা ভালো। এবং সেটি বাস্তবসম্মত হওয়া উচিত। তারা যদি ভেবে থাকে যে পেপ গার্দিওলাকে পেয়ে যাবে, তবে আমি বলব তার সম্ভাবনা খুবই ক্ষীণ।’

নিজের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার গুঞ্জনকে নিছক সংবাদমাধ্যমের জল্পনা বলে উড়িয়ে দিয়েছেন সাবেক এই ডর্টমুন্ড কোচ। তিনি বলেন, ‘আমি বর্তমানে যেখানে আছি, সেখানে মানসিকভাবে বেশ শান্তিতে আছি। আমি অন্য কোথাও যেতে চাই না। রিয়াল মাদ্রিদ আমার প্রতি আগ্রহ দেখালেও আমি উত্তেজিত হই না—যদি তারা আগ্রহ দেখাতও—তবে এটা কেবল সংবাদমাধ্যমের খবর।’

লিভারপুলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ও লিগ শিরোপাজয়ী এই কোচ আবারও জানিয়েছেন যে, কোচিংয়ে ফেরার পরিকল্পনা আপাতত তার নেই। ক্লপ বলেন, ‘আমি কি আবারও কোচিং করাতে চাই? এই মুহূর্তে বলব না, তবে আমি কখনোই বলব না যে কখনোই ফিরব না। যদিও মন বদলানোর কোনো সম্ভাবনা আমি দেখছি না, তবুও বলা যায় না কী হয়।’

Popular

More like this
Related

অমর একুশে বইমেলা ২০ ফেব্রুয়ারি থেকে শুরু

অমর একুশে বইমেলা-২০২৬ শুরু হতে যাচ্ছে আগামী ২০ ফেব্রুয়ারি।...

সেমিফাইনালে আলকারাজ, সামনে জ়ভেরেভ

গ্যালারিভর্তি দর্শকের চাপ, মেলবোর্নের গরম রাত, সবকিছুকে নিস্তব্ধ করে...

আমাদের নির্বাচন নিয়ে ভারতের নসিহতের প্রয়োজন নেই: পররাষ্ট্র উপদেষ্টা

নির্বাচন নিয়ে ভারতের উপদেশ বাংলাদেশের প্রয়োজন নেই বলে মন্তব্য...

চুক্তির প্রস্তাব ফিরিয়ে পিএসজিতে গেলেন দ্রো, ক্ষুব্ধ বার্সেলোনা

লা মাসিয়ায় বেড়ে ওঠা প্রতিভাবান তরুণ মিডফিল্ডার দ্রো ফার্নান্দেজকে...