রাজনীতি শুধু ক্রিকেট নয়, ক্ষতি করছে মানবতারও: সাকলাইন

Date:

ক্রিকেট মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু সেই প্রতিদ্বন্দ্বিতা যেন কখনোই মানুষের মধ্যে দেয়াল না তোলে, এমনটাই মনে করেন পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলাইন মুশতাক। ক্রিকেটে রাজনীতির অনুপ্রবেশকে সরাসরি “মানবতার বিরুদ্ধে” আখ্যা দিয়ে তিনি বলেছেন, রাজনীতি শুধু খেলাটাকেই ক্ষতিগ্রস্ত করছে না, ধীরে ধীরে আঘাত করছে মানুষের সম্পর্ক ও মূল্যবোধেও।

এএনআই-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সাকলাইন বলেন, “আমি বিশ্বাস করি, রাজনীতি মানবতার জন্য ক্ষতিকর, এটা আমাদের শত্রু। রাজনীতি শুধু ক্রিকেট নয়, পুরো মানবতাকেই ক্ষতিগ্রস্ত করছে। এতে খেলাটারও ক্ষতি হচ্ছে, খেলোয়াড়দেরও। ক্রিকেটের কাজ দেশকে দেশ থেকে আলাদা করা নয়, বরং একসূত্রে গাঁথা।”

ভারত ও পাকিস্তানের ক্রিকেট সম্পর্ক দীর্ঘদিন ধরেই স্থবির। ২০১২-১৩ মৌসুমে পাকিস্তানের ভারত সফরের পর, যেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জেতে পাকিস্তান এবং দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ড্র হয়, আর কোনো দ্বিপাক্ষিক সিরিজ হয়নি। এরপর দুই দল মুখোমুখি হয়েছে কেবল আইসিসি বা এসিসি আয়োজিত আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে -এশিয়া কাপ, বিশ্বকাপ কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফিতে।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সর্বশেষ ভারত সফর করে পাকিস্তান। তবে গত বছর জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার পর ভারত সরকার পাকিস্তান সংশ্লিষ্ট ম্যাচগুলো ‘তৃতীয় ভেন্যুতে’ আয়োজনের নীতি গ্রহণ করে, ভারতের মাটিতে বা নিরপেক্ষ দেশে, কিন্তু পাকিস্তানে নয়।

সাকলাইন আবারও জোর দিয়ে বলেন, ক্রিকেটের জায়গা বিনোদনে, সংঘাতে নয়। বাংলাদেশ দলের ভারত সফর না করার সিদ্ধান্ত নিয়েও মন্তব্য করতে অনিচ্ছা জানান তিনি। “ক্রিকেট মানে বিনোদন, এটা কোনো যুদ্ধক্ষেত্র নয়। বাংলাদেশ কেন ভারতে খেলতে যাচ্ছে না, সে বিষয়ে আমি কিছু বলতে চাই না। কারণ আমি আগেই বলেছি, খেলাধুলার সঙ্গে রাজনীতি মেশানোয় আমি বিশ্বাসী নই,” বলেন এই সাবেক অফস্পিনার।

তার এই বক্তব্য এসেছে এমন এক সময়ে, যখন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশ ও ভারতের সম্পর্কেও টানাপোড়েন দেখা দিয়েছে। নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে বাংলাদেশ ভারত সফরে যেতে অস্বীকৃতি জানায়। এর পটভূমিতে ছিল বিসিসিআইয়ের নির্দেশে আইপিএল ২০২৬-এর কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনা। পরবর্তীতে আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে।

পেহেলগাম হামলার পর থেকে ভারত-পাকিস্তান সম্পর্ক যেমন কূটনৈতিকভাবে উত্তপ্ত, তেমনি ক্রিকেটীয় অঙ্গনেও নানা বিতর্ক ও সূচি জটিলতায় সেই উত্তাপ স্পষ্ট। এই প্রেক্ষাপটেই সাকলাইন মুশতাকের কণ্ঠে উঠে এলো এক সার্বজনীন আহ্বান, রাজনীতির ঊর্ধ্বে উঠে ক্রিকেটকে আবারও মানুষের মিলনমেলায় ফিরিয়ে আনার।

Popular

More like this
Related

নতুন পাঠ্যবই থেকে বাদ সাকিব-সালাউদ্দিনের নাম

বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দিন ও দেশের ইতিহাসের সফলতম...

সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই নিয়ন্ত্রণে: ইসি সানাউল্লাহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি...

‘খেলাধুলায় এখনও প্রাণ ফেরেনি’

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর...

আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকে হস্তান্তর

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে আটক...