রাজধানীতে অবৈধ আইফোন সংযোজন কারখানা, ৩ চীনা নাগরিক গ্রেপ্তার

Date:

রাজধানীতে অবৈধভাবে আইফোন সংযোজন কারখানা চালানোর অভিযোগে তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল বুধবার উত্তরা ও নিকুঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের নাম—তান জিয়ান, উ জুন এবং ডং হংওয়েই।

অভিযানের সময় ডিবি পুলিশ তাদের কাছ থেকে ৩৬৩টি বিভিন্ন মডেলের আইফোন, অ্যাসেম্বল করার যন্ত্রপাতি ও খুচরা যন্ত্রাংশ, আট বোতল বিদেশি মদ এবং নগদ ২৬ হাজার টাকা জব্দ করেছে।

ডিবি মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল আজ বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি জানান, গ্রেপ্তারকৃতরা গত দেড় বছর ধরে গোপনে এই কার্যক্রম চালিয়ে আসছিলেন। তারা কর ফাঁকি দিতেন এবং গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে অ্যাসেম্বল করা ফোনগুলো আসল বলে বিক্রি করতেন।

ডিবি মিরপুর বিভাগের একটি দল গতকাল বুধবার বিকালে উত্তরা পশ্চিম সেক্টর-১৩ নম্বরের একটি বাড়িতে অভিযান চালায়। সেখানে তান জিয়ানকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে ৫৮টি আইফোন জব্দ করা হয়।

পরে গ্রেপ্তার চীনা নাগরিকের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দল খিলক্ষেত থানা এলাকায় নিকুঞ্জ-১-এর একটি বাড়িতে অভিযান চালায়। সেখানে উ জুন এবং ডং হংওয়েইকে গ্রেপ্তার করা হয় এবং একটি গোপন ল্যাবের সন্ধান পাওয়া যায়।

নিকুঞ্জের ওই বাসা থেকে আরও ৩০৫টি আইফোন, খুচরা যন্ত্রাংশ এবং অ্যাসেম্বল করার যন্ত্রপাতি জব্দ করা হয়।

প্রাথমিক তদন্তে কয়েকজন বাংলাদেশির নাম পাওয়া গেছে বলে জানান ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেল। তবে তদন্তের স্বার্থে এই মুহূর্তে তাদের নাম প্রকাশ করেননি তিনি।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Popular

More like this
Related

পাবনা-১ ও ২ আসন: মনোনয়নপত্র দাখিল ১৮ জানুয়ারি পর্যন্ত

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনেই অনুষ্ঠিত...

উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ৩ জনের মৃত্যু

রাজধানীর উত্তরা ১১ নম্বরে সেক্টরের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে...

টানা শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া, ভোগান্তিতে শ্রমজীবীরা

উত্তরাঞ্চলে চলমান শৈত্যপ্রবাহে পঞ্চগড়সহ আশপাশের এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে...

রাষ্ট্র বেশি শক্তিশালী হওয়া ভালো না, জনগণকে শক্তিশালী হতে হবে: আমীর খসরু

রাষ্ট্র বেশি শক্তিশালী হওয়া ভালো না, জনগণকে শক্তিশালী হতে...