যুক্তরাষ্ট্র-দ. কোরিয়ার মহড়া চলাকালে উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

Date:

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া চলাকালে পূর্ব জাপান সাগরে ১০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাতে আজ শনিবার বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।

জাপান কোস্টগার্ড রয়টার্সকে জানায়, তারা সমুদ্রে পড়া এমন একটি বস্তু শনাক্ত করেছে যা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে।

জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে সামরিক বাহিনীর বরাত দিয়ে জানায়, বস্তুটি সম্ভবত জাপানের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চলের কাছাকাছি এলাকায় পড়েছে।

দক্ষিণ কোরিয়ার যৌথ বাহিনীর প্রধান দপ্তর এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে রাজধানী পিয়ংইয়ংয়ের কাছাকাছি একটি এলাকা থেকে দেশটির পূর্ব উপকূলের সাগরের দিকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়।

রয়টার্স জানায়, পারমাণবিক অস্ত্র বহনে সক্ষমতা অর্জনের লক্ষ্যে উত্তর কোরিয়া গত দুই দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ চালিয়ে আসছে। ধারণা করা হয়, দেশটি ইতোমধ্যে সফলভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করেছে।

এর ফলে ২০০৬ সাল থেকে পিয়ংইয়ং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একাধিক নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। এসব নিষেধাজ্ঞা তাদের বাণিজ্য, অর্থনীতি ও প্রতিরক্ষা ব্যবস্থায় বড় বাধা সৃষ্টি করলেও উত্তর কোরিয়া এখনো সেই অবস্থান থেকে সরে আসেনি বলে জানায় রয়টার্স।

প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র এ সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় তাদের বার্ষিক সামরিক মহড়া শুরু করেছে। তাদের মতে, এই মহড়া সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং উত্তর কোরিয়ার সামরিক হুমকির বিরুদ্ধে প্রস্তুতি যাচাইয়ের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

শনিবার শত শত মার্কিন ও দক্ষিণ কোরিয়ান সেনা ট্যাংক ও সাঁজোয়া যুদ্ধযানসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম ব্যবহার করে নদী পারাপারের মহড়া চালায়। এই কার্যক্রম তাদের যৌথ বাহিনীর কমান্ডারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। বর্তমানে দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের প্রায় ২৮ হাজার ৫০০ সেনা এবং যুদ্ধবিমান মোতায়েন রয়েছে।

এর আগে, বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সক ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে উত্তর কোরিয়ার সঙ্গে পুনরায় সংলাপ শুরু করার উপায় নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে রয়টার্স।

কিম সাংবাদিকদের বলেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে আলোচনায় বসার যেকোনো সুযোগের জন্য ট্রাম্প আগ্রহী।

Popular

More like this
Related

মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে রোববার

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির...

হরমুজ প্রণালিতে আটকা পড়েছে কত জাহাজ

পারস্য উপসাগরের দুবাই উপকূলের কাছে গত বৃহস্পতিবার স্থানীয় সময়...

সংসদ রাজনীতি চর্চার কেন্দ্রবিন্দু হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয়: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, জাতীয়...

বাংলাদেশ আইসিটি স্টেকহোল্ডারস অ্যালায়েন্সের ইফতার ও নেটওয়ার্কিং অনুষ্ঠিত

বাংলাদেশ আইসিটি স্টেকহোল্ডারস অ্যালায়েন্স (বিসা)-এর উদ্যোগে আইসিটি খাতের বিভিন্ন...