মিরপুরের উইকেটে এবার পেসারদের সুবিধা দেখছেন শাহীন

Date:

প্রশ্নকর্তাকে থামিয়ে দিয়ে শাহীন শাহ আফ্রিদি বললেন, ‘এটা হবে না। পাকিস্তান ফাস্ট বোলিংয়ের জন্যই পরিচিত…’। মূলত প্রশ্নটি ছিল মিরপুরের উইকেট ঘিরে। স্পিন সহায়ক যে উইকেটের হাবভাব বুঝে গত অক্টোবরে ৫০ ওভারই স্পিন করিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এবার ওয়ানডে সিরিজে তেমন কিছু হবে না বলে উইকেটের চেহারাও আভাস দিচ্ছে।

মিরপুরে খেলতে এলেই প্রতিপক্ষ দলগুলোর জন্য সাধারণত থাকে বিভীষিকাময় মন্থর ও স্পিন বান্ধব উইকেট, যেখানে রান করা বিশ্বের কঠিনতম কাজগুলোর একটি হয়ে দাঁড়ায়। পাকিস্তান যেহেতু এশিয়ারই দল, তাই চিরাচরিত মিরপুরের উইকেট না রেখে কিছুটা স্পোর্টিং উইকেট চায় বাংলাদেশও।

ম্যাচের আগের দিন বাইশগজে কিছুটা ঘাসের দেখা পাওয়া গেল। অক্টোবরের সেই সিরিজের মতো কালো মাটির উইকেট এই সিরিজে ব্যবহৃত হবে না। ফলে বল ব্যাটে আসবে ভালোভাবে। গত কিছুদিন মিরপুরে খুব বেশি ক্রিকেট হয়নি। শীতের মৌসুম থাকায় বৃষ্টিও পড়েনি। কিউরেটর টনি হেমিং তাই মোটামুটি রানে ভরা পিচ বানানোর সুযোগ পেয়েছেন।

পাকিস্তান অধিনায়ক নিজে একজন পেসার। তাঁর দলে আছেন হারিস রউফের মতো এক্সপ্রেস বোলার ও ওয়াসিম জুনিয়র। আবরার আহমেদের মতো স্পিনাররা শাহীনদের সঙ্গে সহযোগী ভূমিকা পালন করবেন। শাহীন জানান তাঁদের কৌশল হবে পেসাররাই যেন উইকেট নেন বেশি, ‘স্পিনাররা অবদান রাখবে, তবে প্রাথমিক লক্ষ্য থাকবে পেসাররাই যেন বেশি উইকেট নিতে পারে।’

উইকেট দেখে পাকিস্তান অধিনায়কের মনে হচ্ছে পেসাররাই সুবিধা পাবেন বেশি। তিনি বলেন, ‘প্রাথমিক পর্যবেক্ষণে মনে হচ্ছে কন্ডিশন সম্ভবত পেসারদের কিছুটা সুবিধা দেবে।’

বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানান, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম কন্ডিশন কাজে লাগাতে ওরকম উইকেট চেয়েছিলেন তাঁরা। এবার সামনে যেহেতু এশিয়ারই দল পাকিস্তান, তাই উইকেটে সবার জন্যই কিছু না কিছু থাকবে বলে আশা করা হচ্ছে।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বুধবার বাংলাদেশ সময় সোয়া দুইটায় শুরু হবে প্রথম ওয়ানডে। 

Popular

More like this
Related

হবিগঞ্জের সুতাং নদীর মাছে মাইক্রোপ্লাস্টিক, ঝুঁকিতে জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্য

হবিগঞ্জের সুতাং নদীর পানি ও মাছের দেহে আশঙ্কাজনক মাত্রায়...

পাইলট প্রকল্প সফল, ধীরগতিতে আটকে গেছে বড় পরিসরে বাস্তবায়ন

বৃহস্পতিবারের এক বিকেল। ঢাকার সোনারগাঁও মোড়ে তখন যানবাহনের প্রচণ্ড...

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের ‘তাজমহল’সহ ৫৬ সাংস্কৃতিক স্থাপনার ব্যাপক ক্ষতি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের ‘তাজমহল’ বলে খ্যাত গোলেস্তান...

এলএনজি নির্ভরতায় ঝুঁকিতে দেশের জ্বালানি খাত

তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) কম দাম সাময়িকভাবে সুবিধাজনক মনে...