মিরপুরে এবার ‘ভালো পিচের’ আশায় পাকিস্তান

Date:

গত বছর জুলাই মাসে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসে বেশ ভুগেছিল পাকিস্তান দল। ২-১ ব্যবধানে হারা ওই সিরিজে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে কড়া সমালোচনা করেছিলেন তাদের কোচ মাইক হেসন। এবার ভিন্ন সংস্করণে সিরিজ খেলার আগেও এলো পুরনো প্রসঙ্গ। হেসন অবশ্য এই দফায় উইকেট দেখে কিছুটা আশাবাদী।

টি-টোয়েন্টি ওই সিরিজের ম্যাচগুলো ছিল লো-স্কোরিং। স্পিনারদের দাপটে ব্যাটাররা খাবি খেয়েছেন। ওই সিরিজের প্রথম ম্যাচে হারের পর মিরপুরের উইকেট নিয়ে হেসন বলেছিলেন, ‘আমি মনে করি এটা কোনো দলের জন্যই আদর্শ উইকেট নয়। এমন পিচ গ্রহণযোগ্য নয়।’ পরে আরেকবার তিনি মন্তব্য করেছিলেন যে এটি ‘আন্তর্জাতিক মানের পিচ নয়।’

সেই সিরিজের পর টি-টোয়েন্টি সংস্করণে প্রচুর খেলেছে দুই দল। খেলেছে এশিয়া কাপও। বিশ্বকাপে নাটকীয়তার পর বাংলাদেশ না খেললেও পাকিস্তান ছিল ব্যর্থ; বিদায় নিতে হয়েছে সুপার এইট থেকেই।

এবার দুই দল মুখোমুখি হচ্ছে ওয়ানডেতে। সোমবার মিরপুরে সংবাদ সম্মেলন কক্ষে আসার আগে পিচ দেখতে যান হেসন। অধিনায়ক শাহীদ আফ্রিদিও ছিলেন তাঁর সঙ্গে।

ওয়ানডেতে কি মিরপুরে ভালো উইকেটের আশা করছেন? এমন প্রশ্নের জবাবে হেসন বলেন, ‘অবশ্যই। আগের তুলনায় এবার পিচে ঘাসের আবরণ অনেক ভালো মনে হচ্ছে। বেশ কিছুদিন ধরে এখানকার উইকেটগুলো খুব একটা ভালো ছিল না, তবে বিপিএল চলাকালীন কিছুটা উন্নতি লক্ষ্য করা গেছে। এবার ঘাসের আবরণ বেশি থাকায় ব্যাট ও বলের মধ্যে আসল লড়াই দেখার সুযোগ থাকবে। ভালো ক্রিকেট উইকেটে খেললে দুই দলই উপকৃত হয়।’

ভালো উইকেটে নিজেদের পক্ষে ভালো ফলেরও আশা করছে বিশ্বকাপের পর অনেক বদল নিয়ে খেলতে আসা পাকিস্তান। হেসন আরও যোগ করেন, ‘এই দলের জেতার ক্ষমতা আছে, তবে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশের প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা রয়েছে, বিশেষ করে তাদের ঘরের মাঠে। আগের টি-টোয়েন্টি সিরিজের তুলনায় এবারের কন্ডিশন একেবারেই ভিন্ন মনে হচ্ছে। তখন বাউন্স ছিল অসমান এবং উইকেট ছিল সাদামাটা। বর্তমান পিচ অনেক উন্নত মনে হচ্ছে, যার অর্থ ব্যাট ও বলের লড়াইয়ে দুই দলই সমান চ্যালেঞ্জের মুখে পড়বে। বাংলাদেশ সাম্প্রতিক সময়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলেছে, তাই আমাদের দ্রুত এই দীর্ঘ ফরম্যাটের সঙ্গে মানিয়ে নিতে হবে।’

 

Popular

More like this
Related

৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদমর্যাদার পাঁচজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে...

ইরানে কেন হামলা চালাল যুক্তরাষ্ট্র-ইসরায়েল, যুদ্ধ কতদিন চলতে পারে?

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাত দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেছে। ২৮...

বিশ্বকাপের সেরা একাদশে চ্যাম্পিয়ন ভারতের চার তারকা

টানা দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত দেখিয়েছে এই সংস্করণে...

হাদি হত্যার আসামিদের ফেরাতে কনস্যুলার অ্যাক্সেস চেয়েছে ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) কর্তৃক ইনকিলাব...