মিঠামইনে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে হামলা

Date:

কিশোরগঞ্জের মিঠামইনে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার রায়ের পর রাতে বিএনপির আনন্দ মিছিল থেকে একদল লোক বাড়িতে হামলা চালায় বলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে।

এ সময় হামলাকারীরা বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে আসবাব, জানালার কাচ ও ছবি ভাঙচুর করে। তবে বাড়িতে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ের পর গতকাল রাতে মিঠামইন উপজেলা বিএনপি আনন্দ মিছিল বের করে। মিছিলটি মিঠামইন বাজার থেকে কামালপুর গ্রামের দিকে যাওয়ার পথে ২০-৩০ জনের একটি দল মিছিল থেকে বের হয়ে হঠাৎ আব্দুল হামিদের বাড়িতে হামলা চালায়। তারা মূল দরজা ভেঙে ভেতরে ঢুকে ঘরের জানালা, চেয়ার, আলমারিসহ বিভিন্ন আসবাব ভাঙচুর করে।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত ১১টার দিকে সাবেক রাষ্ট্রপতির বাড়িতে হামলার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। হামলায় বসতঘরের কিছু আসবাব, দরজা-জানালা ও কয়েকটি ছবি ভাঙচুর করা হয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। বাড়ির আশপাশে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে কথা বলার জন্য মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি মো. জাহিদুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

Popular

More like this
Related

দ. কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রী হান ডাক-সু’র ২৩ বছর কারাদণ্ড

সামরিক আইন জারিতে ভূমিকার দায়ে সাবেক প্রধানমন্ত্রী হান ডাক-সুকে...

২০২৬ বিশ্বকাপ: কারা এগিয়ে, কারা কতটা ফেভারিট

২০২৬ সালের বিশ্বকাপকে ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। ইতিহাসে প্রথমবারের...

আমিনবাজারে ইটভাটা শ্রমিকদের মহাসড়ক অবরোধ, যানজটে ভোগান্তি

সাভারের আমিনবাজারে ভাঙা ব্রিজ এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে...

কখনো কিছু চাইনি, আর কখনো কিছু পাইনি: দাভোসে ট্রাম্প

গ্রিনল্যান্ড দখল নিয়ে আন্তর্জাতিক উত্তেজনার মধ্যেই সুইজারল্যান্ডের দাভোসে পৌঁছে...