মাসখানেকের জন্য ছিটকে গেলেন পেদ্রি

Date:

ইনজুরির ধাক্কা যেন পিছুই ছাড়ছে না বার্সেলোনার। মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে আবারও বড় আঘাত পেল কাতালানরা। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে এক মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন মিডফিল্ডের প্রাণভোমরা পেদ্রি। ফলে লা লিগা, কোপা দেল রে ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে অন্তত সাতটি ম্যাচে এই স্প্যানিশ তারকাকে পাচ্ছেন না হান্সি ফ্লিক।

দলের সর্বশেষ ম্যাচ শেষে মঙ্গলবার সকালে সিউতাত এসপোর্তিভায় মেডিকেল পরীক্ষায় অংশ নেন পেদ্রি। সেখানেই তার চোটের বিষয়টি নিশ্চিত করে ক্লাব। বার্সেলোনার বিবৃতিতে জানানো হয়, স্লাভিয়া পারগার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। ক্লাবের ভাষ্য অনুযায়ী, ‘তার সেরে উঠতে প্রায় এক মাস সময় লাগবে।’

চলতি মৌসুমে এটি পেদ্রির তৃতীয় ইনজুরি। এর আগে চোটের কারণে পাঁচটি ম্যাচ মিস করেছিলেন তিনি, চারটি পেশির চোটে এবং একটি কাফে অস্বস্তির কারণে। নতুন এই ইনজুরিতে তালিকায় যোগ হচ্ছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ। ওভিয়েদো, কোপেনহেগেন, এলচে, আলবাসেতে, মায়োরকা, জিরোনা ও লেভান্তের বিপক্ষে ম্যাচগুলোতে তাকে পাচ্ছেন না ফ্লিক। পাশাপাশি ফেব্রুয়ারির ১০, ১১ অথবা ১২ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা কোপা দেল রের প্রথম লেগ এবং চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফের প্রথম লেগও তার অনুপস্থিতিতে খেলতে হতে পারে, যদি বার্সা সরাসরি সেরা আটে উঠতে না পারে।

স্লাভিয়া পারগার বিপক্ষে ম্যাচে দ্বিতীয়ার্ধের একেবারে শুরুতে ২-২ সমতায় থাকা অবস্থায় হঠাৎই অস্বস্তিতে পড়েন পেদ্রি। এক চতুর্থাংশ সময় খেলার পরই মাঠে বসে পড়েন, দু’হাতে মাথা চেপে ধরে। চিকিৎসকরা প্রাথমিকভাবে পেশির সমস্যার আশঙ্কা করলে তাকে আর ঝুঁকি না নিয়ে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় তখন।

উল্লেখ্য, ইনজুরি কাটিয়ে সম্প্রতি ফিরেই শেষ পাঁচ ম্যাচের চারটিতে শুরুর একাদশে ছিলেন তিনি। এর আগে ক্লাব ব্রুগে ও চেলসির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের দুটি ম্যাচ মিস করেছিলেন, যেখানে একটি ড্র ও একটি হার গুনতে হয়েছিল বার্সেলোনাকে।

 

Popular

More like this
Related

জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ...

এশিয়ান কাপের প্রাথমিক স্কোয়াডে সুইডেন প্রবাসী আনিকা

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এএফসি নারী এশিয়ান কাপের জন্য...

শনিবার রাষ্ট্রীয় শোক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার একদিনের...

বিশ্বকাপ থেকে পাকিস্তানের সরে আসার সাহস নেই: রাহানে

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চলমান বিতর্ককে গুরুত্ব...