মাঠজুড়ে ধান-ভুট্টা, তবু কাজ নেই কৃষি শ্রমিকদের

Date:

চৈত্র মাস এলেই উত্তরাঞ্চলের কৃষি শ্রমিকদের দীর্ঘ কর্মসংকটের মুখে পড়তে হয়। মাঠজুড়ে এখন বোরো ধান ও ভুট্টার আবাদ থাকলেও এসব খেত পরিচর্যার তেমন কোনো কাজ নেই। ফলে রংপুর অঞ্চলের হাজারো কৃষি শ্রমিক এখন অলস ও কর্মহীন সময় পার করছেন। অনেকেই বাধ্য হয়ে চড়া সুদে ঋণ নিচ্ছেন কিংবা আগাম মজুরি বিক্রি করে কোনোমতে সংসার চালাচ্ছেন।

লালমনিরহাট সদর উপজেলার ধরলা নদীতীরের খাটামারী এলাকার বাসিন্দা নূর ইসলাম (৫০)। পেশায় কৃষি শ্রমিক এই মানুষটি গত এক সপ্তাহ ধরে প্রায় কর্মহীন। মাঠে কাজ না থাকায় সময় কাটছে অলসভাবে। জমানো সামান্য কিছু টাকা দিয়ে কোনোরকমে সংসার চালাচ্ছেন।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত বোরো ধান ও ভুট্টার খেতে রোপনের কাজ থাকে। ধান রোপনের তৃতীয় সপ্তাহে এসে নিড়ানির প্রয়োজন হয়। এখন সেই সময়টা পার হয়েছে। খেতে ধান-ভুট্টা গাছ বড় হয়ে গেছে। আবার ফসল তোলার কাজের জন্য অপেক্ষা করতে হবে এপ্রিলের তৃতীয় সপ্তাহ পর্যন্ত।

নূর ইসলাম বলেন, ‘এই সময়টা এলেই আমাদের মতো কৃষি শ্রমিকদের বড় সংকটে পড়তে হয়। মাঠে তেমন কাজ থাকে না। তখন অধিকাংশ শ্রমিককে অলস বসে থাকতে হয়।’ তিনি জানান, তাদের গ্রামে প্রায় ৩০০ কৃষি শ্রমিক রয়েছেন। এর মধ্যে মাত্র ২৫ থেকে ৩০ জন কোনোভাবে এদিক–সেদিক কাজ জোগাড় করতে পারছেন, বাকিরা কর্মহীন।

একই এলাকার আরেক কৃষি শ্রমিক সহিদুল ইসলাম (৪৫) বলেন, ‘এখন মাঠজুড়ে ধান ও ভুট্টার আবাদ থাকলেও ফসলের খেতে তেমন কোনো কাজ নেই। কাজের খোঁজে বিভিন্ন এলাকায় গেলেও কাজ পাওয়া যাচ্ছে না। উপার্জন না থাকায় সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে।’

সহিদুল জানান, গত বছর এই সময়ে সরকারের ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির আওতায় তিনি মাটি কাটার কাজ করে দৈনিক ৪০০ টাকা মজুরি পেয়েছিলেন। কিন্তু এ বছর এখনো সেই প্রকল্প চালু হয়নি।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদের তীরের চর সোনাহাট এলাকার কৃষি শ্রমিক মমিনুল ইসলাম (৫৫) বলেন, ‘এখন মাঠে শুধু ধান আর ভুট্টা। ফসলের কোনো পরিচর্যার কাজ নেই। বৈশাখ মাসের প্রথম সপ্তাহে ধান ও ভুট্টা কাটা শুরু হলে আবার কাজ পাওয়া যাবে।’ তিনি জানান, চৈত্র মাসে প্রায় প্রতিদিনই তাদের কর্মহীন থাকতে হয়। এ সময় সংসার চালাতে বাধ্য হয়ে আগাম মজুরি নিতে হয় বা স্থানীয় মহাজনদের কাছ থেকে চড়া সুদে ঋণ নিতে হয়।

রংপুরের গঙ্গাচড়া উপজেলার তিস্তা নদীতীরের চর ইচলি গ্রামের কৃষি শ্রমিক শমসের আলী (৫৫) বলেন, ‘গত বছর চৈত্র মাসে ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের আওতায় মাটি কাটার কাজ করেছিলাম। প্রতিদিন ৪০০ টাকা করে মজুরি পেয়েছিলাম। কিন্তু এ বছর সেই প্রকল্পের কোনো খবর নেই। এখন কাজ না থাকায় কোনো উপার্জনও নেই। শহরে গিয়েও কাজ পাচ্ছি না।’

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রংপুর অঞ্চলের পাঁচটি জেলা—লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী ও গাইবান্ধার অর্থনীতি মূলত কৃষিনির্ভর। এ অঞ্চলে কয়েক লাখ কৃষি শ্রমিক কাজ করেন, যাঁদের অধিকাংশই ভূমিহীন। প্রতিবছর চৈত্র মাসে মাঠে কাজ কমে যাওয়ায় কৃষি শ্রমিকদের একটি বড় অংশ কর্মসংকটে পড়েন। তবে চৈত্রের শেষের দিকে ধান ও ভুট্টা কাটার মৌসুম শুরু হলে আবার কাজের সুযোগ সৃষ্টি হয়।

ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছর চৈত্র মাসে সরকারের ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির আওতায় রংপুর অঞ্চলে প্রায় ৮৮ হাজার ৫০০ অতিদরিদ্র মানুষ কাজের সুযোগ পেয়েছিলেন। এই কর্মসূচির আওতায় শ্রমিকেরা মাটি কাটার কাজ, গ্রামীণ সড়ক মেরামত, মসজিদ-মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ ভরাটসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করেন।

কুড়িগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) আবদুল মতিন বলেন, ‘৪০ দিনের কর্মসৃজন কর্মসূচি কর্মসংকটের সময়ে কৃষি শ্রমিকদের জন্য একটি কার্যকর উদ্যোগ। এ প্রকল্পের মাধ্যমে তারা অস্থায়ীভাবে হলেও কাজের সুযোগ পান। তবে এ বছর এখনো এই প্রকল্পের জন্য কোনো নির্দেশনা বা বরাদ্দ পাওয়া যায়নি। আদৌ এ বছর প্রকল্পটি চালু হবে কি না, সেটিও এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।’

এদিকে কর্মসংকটে থাকা কৃষি শ্রমিকেরা দ্রুত কর্মসৃজন কর্মসূচি চালুর দাবি জানিয়েছেন। তাদের মতে, এ ধরনের কর্মসূচি চালু থাকলে চৈত্র মাসের কঠিন সময়ে অন্তত ন্যূনতম আয়ের সুযোগ তৈরি হয় এবং পরিবার নিয়ে টিকে থাকা যায়।

Popular

More like this
Related

আগ্রাসী ব্যাটিংয়ে তানজিদের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি

সালমান আলি আঘাকে স্টেপ আপ করে লং অফের উপর...

কেমন গেল অসময়ের বইমেলা?

অমর একুশে বইমেলার শেষ দিন আজ। দেশের সবচেয়ে বড়...

ট্রাম্প-শি বৈঠকের প্রস্তুতি, প্যারিসে যুক্তরাষ্ট্র-চীনের কর্মকর্তাদের আলোচনা

যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ কর্মকর্তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প...

ময়মনসিংহে দিপু হত্যা: আরও ১ জন গ্রেপ্তার

ময়মনসিংহের ভালুকায় পোশাক কারখানার শ্রমিক দিপু চন্দ্র দাসকে (২৭)...