ভূখণ্ড প্রশ্নে টানাপোড়ন কাটেনি, রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা কাল

Date:

প্রায় চার বছর ধরে চলমান যুদ্ধ বন্ধে আগামীকাল বুধবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি আলোচনায় বসতে যাচ্ছেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা।

আজ মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছেছেন দুই দেশের প্রতিনিধিদল।

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে রুশ আগ্রাসনের চতুর্থ বার্ষিকী পূর্ণ হওয়ার এক সপ্তাহ আগে শুরু হচ্ছে এই বৈঠক। এ নিয়ে আন্তর্জাতিক মহলে কূটনৈতিক তৎপরতা স্পষ্ট।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তার সরকারের প্রতিনিধিদল ইতোমধ্যে জেনেভায় পৌঁছেছে।

রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসও মস্কোর প্রতিনিধিদলের জেনেভায় পৌঁছানোর খবর নিশ্চিত করেছে।

দুই দিনব্যাপী এই আনুষ্ঠানিক আলোচনায় মধ্যস্থতা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ও তার জামাতা জ্যারেড কুশনার।

তিন দেশের সামরিক নেতারাও অংশ নেবেন বৈঠকে।

এপি জানায়, যুক্তরাষ্ট্রের হয়ে সামরিক প্রতিনিধিত্ব করবেন ন্যাটোর শীর্ষ কমান্ডার জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেভিচ ও মার্কিন সেনাবাহিনীর সচিব ড্যান ড্রিসকল।  

জেনেভার বৈঠককে ‘বড় আলোচনা’ হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প। গতকাল সোমবার ফ্লোরিডা থেকে ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এপির তথ্যমতে, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের ভূখণ্ডের ভবিষ্যৎ এ আলোচনার প্রধান ইস্যু।
ভূখণ্ড প্রশ্নে এখনো কোনো পক্ষই নিজেদের অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দেয়নি।

যদিও যুক্তরাষ্ট্র সমঝোতার জন্য জুন মাস পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে।

এছাড়া সম্ভাব্য যুদ্ধবিরতি কার্যকর ও বাস্তবায়নের পদক্ষেপ নিয়ে আলোচনা হবে। পাশাপাশি যুদ্ধ পরবর্তী নিরাপত্তা, বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ নিরাপত্তা গ্যারান্টির দাবিও কিয়েভের প্রধান আলোচ্য বিষয়। মস্কো যাতে ভবিষ্যতে নতুন করে আগ্রাসন চালাতে না পারে, তার নিশ্চয়তা চায় কিয়েভ।

এর আগে আবুধাবিতে প্রথম দফা আলোচনায় নিরস্ত্রীকৃত অঞ্চল গঠন ও সংশ্লিষ্ট বাহিনীগুলোর মধ্যে যোগাযোগব্যবস্থা গড়ে তোলার বিষয় পর্যালোচনা করা হয়েছিল।

তবে দ্বিতীয় দফায় এই আলোচনায় বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা কম বলেই মনে করছে এপি।  
এদিকে আলোচনা শুরু হতে চললেও দু’দেশের মধ্যে উত্তেজনা কমেনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির দাবি, সোমবার রাতভর হামলায় প্রায় চারশ দীর্ঘপাল্লার ড্রোন ও ২৯টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়া। ইউক্রেনের ১২টি এলাকায় হামলায় শিশুসহ অন্তত নয়জন আহত হয়েছেন।

তার মতে, এ হামলা জেনেভায় শান্তি উদ্যোগকে দুর্বল করে দিচ্ছে।

Popular

More like this
Related

রমজান মাসে মেট্রোরেল চলাচলে নতুন নির্দেশনা

রমজান মাসের অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে পহেলা রমজান...

ভেঙে গেল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ

শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠন করায় ড. মুহাম্মদ...

সৌদিতে চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে...

মন্ত্রী-প্রতিমন্ত্রী মর্যাদায় উপদেষ্টা নিয়োগ পেলেন যারা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস...