ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচে বৃষ্টির শঙ্কা

Date:

খেলার বাইরের ইস্যুতে অনিশ্চতায় ছিলো টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের আলোচিত ম্যাচ। সেই অনিশ্চয়তা কাটলেও এবার নতুন বিড়ম্বনা অপেক্ষায়। লড়াইয়ের দুই দিন আগে পর্যন্ত কলম্বোর আকাশ মূলত পরিষ্কারই ছিল। তবে শ্রীলঙ্কা আবহাওয়া অধিদপ্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এর ফলে রবিবার সন্ধ্যার এই হাইভোল্টেজ বিশ্বকাপ ম্যাচে বৃষ্টির প্রবল শঙ্কা আছে।

কলম্বোর খেত্তারামা এলাকায় অবস্থিত গুরুত্বপূর্ণ ভেন্যু আর প্রেমাদাসায় রবিবারের আবহাওয়ার পূর্বাভাস বলছে, দিনের শুরুতে আবহাওয়া গরম ও আর্দ্র থাকবে এবং তাপমাত্রা ৩০° থেকে ৩১° সেলসিয়াসের আশেপাশে থাকবে। তবে বিকেল জুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যার সম্ভাবনা প্রায় ৫০-৭০ শতাংশ।

স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও, নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগে ভারী বজ্রবৃষ্টির আভাস আছে। এর ফলে টস বিলম্বিত হতে পারে অথবা ওভার কমিয়ে খেলা হতে পারে। রাত ৮টার পর আকাশ কিছুটা পরিষ্কার হওয়ার সম্ভাবনা থাকলেও রাতভর হালকা বৃষ্টির শঙ্কা থেকেই যাচ্ছে।

তবে প্রেমাদাসা স্টেডিয়ামের পানি নিষ্কাশন ব্যবস্থা অত্যন্ত আধুনিক এবং সেখানকার মাঠকর্মীরা কলম্বোর ক্রান্তীয় বৃষ্টিপাত মোকাবিলায় দক্ষ। অন্যান্য অনেক আন্তর্জাতিক মাঠের মতো শুধু পিচ নয়, প্রেমাদাসায় পুরো খেলার মাঠ ঢেকে রাখার মতো পর্যাপ্ত কভার রয়েছে। এটি শুরুতেই আউটফিল্ডকে ভিজে যাওয়া থেকে রক্ষা করে।

মাঠকর্মীরা হাতে করে পানি এক কভার থেকে অন্য কভারে ঠেলে সীমানার ড্রেন পর্যন্ত নিয়ে যান। এই পদ্ধতিটি যান্ত্রিক ‘সুপার সপার’ ব্যবহারের চেয়েও দ্রুত ও কার্যকর। সাধারণত ভারী বৃষ্টি থামার ৪৫ থেকে ৬০ মিনিটের মধ্যে মাঠ খেলার উপযোগী হয়ে ওঠে।

এর আগের দিন শনিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা ভারতের নির্ধারিত অনুশীলন সেশনে ব্যাঘাত ঘটাতে পারে।

এমনিতে কলম্বোর আবহাওয়া এখন শুষ্ক থাকার কথা, তাই এই সময়ে বৃষ্টি হওয়াটা কিছুটা অস্বাভাবিক। এখন পর্যন্ত এই টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কায় কোনো ম্যাচ বৃষ্টির কারণে পণ্ড হয়নি। যদিও শ্রীলঙ্কা বনাম ওমান ম্যাচে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা খেলা শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর হয়েছিল।

বর্তমানে ভারত ও পাকিস্তান দুই দলই দুই ম্যাচ খেলে চার পয়েন্ট করে অর্জন করেছে। তবে ৩.০৫০ নেট রান রেট নিয়ে ভারত তাদের গ্রুপে পাকিস্তানের (০.৯৩২) চেয়ে এগিয়ে আছে। যদি বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়, তবে দুই দলই এক পয়েন্ট করে পাবে, কারণ গ্রুপ পর্বের ম্যাচগুলোর জন্য কোনো ‘রিজার্ভ ডে’ নেই।

 

Popular

More like this
Related

খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন: ডা. জাহিদ

চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল। তিনি...

তারেক রহমানের প্রত্যাবর্তনে গতি ফিরেছে দলে, উজ্জীবিত বিএনপির নেতাকর্মীরা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরায় দলটির রাজনৈতিক...

প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী

দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি জুবায়ের...

জামায়াতের সঙ্গে সমঝোতা, এনসিপিতে ভাঙনের সুর

জাতীয় নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনের ঠিক আগে...