বিশ্বকাপ প্লে-অফের আগে বাড়তি অনুশীলন নেই ইতালির

Date:

২০২৬ বিশ্বকাপের টিকিট বাঁচাতে মরিয়া ইতালি, কিন্তু গুরুত্বপূর্ণ প্লে-অফের আগে প্রস্তুতির পথে বড় ধাক্কা খেল আজ্জুরিরা। ব্যস্ত সূচির কারণে ফেব্রুয়ারিতে জাতীয় দলের জন্য আলাদা করে কোনো প্রস্তুতি ক্যাম্প আয়োজন করা সম্ভব হচ্ছে না। ফলে নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ প্লে-অফ সেমিফাইনালের আগে হাতে গোনা কয়েকটি অনুশীলনেই ভরসা রাখতে হবে কোচ জেন্নারো গাত্তুসোকে।

ইতালির প্রভাবশালী দৈনিক কোরিয়েরে দেলা সেরা জানিয়েছে, ঠাসা সূচির কারণে ফেব্রুয়ারিতে কোভারচিয়ানোতে খেলোয়াড়দের একত্র করার কোনো সুযোগ পাচ্ছে না ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। এর অর্থ, ২৬ মার্চ নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে প্লে-অফ সেমিফাইনালের আগে গাত্তুসোর হাতে থাকবে মাত্র দু’একটি পূর্ণাঙ্গ অনুশীলন সেশন। পত্রিকাটি এটিকে গাত্তুসোর জন্য ‘ভয়ের বাস্তব রূপ’ বলেই উল্লেখ করেছে।

গাত্তুসোর আশা ছিল, এফআইজিসি এবং লেগা সেরি আ সমন্বয়ের মাধ্যমে ফেব্রুয়ারিতে অন্তত দুই দিনের একটি উইন্ডো বের করা যাবে, যেখানে তিনি প্লে-অফের প্রস্তুতিতে দল নিয়ে কাজ করতে পারবেন। কিন্তু বাস্তবে তা আর সম্ভব হচ্ছে না। কোরিয়েরে দেলা সেরা জানায়, ফেব্রুয়ারির ১ ও ৮ তারিখের লিগ ম্যাচগুলোর সময়সূচি নিশ্চিত হয়েছে, যা আগামী সপ্তাহেই ঘোষণা করবে লেগা সেরি আ, এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়ে যাবে।

শেষবার প্রতিযোগিতামূলক ম্যাচে ইতালি খেলেছিল ২০২৫ সালের ১৬ নভেম্বর, সেবার ঘরের মাঠে নরওয়ের কাছে ৪-১ গোলে হেরেছিল তারা। সেই ম্যাচের চার মাসেরও বেশি সময় পর আবার একত্র হবেন আজ্জুরিরা, সরাসরি নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনাল প্লে-অফ দিয়ে।

ইতালির চাহিদা মেটাতে হলে ফেব্রুয়ারির প্রথম দুই সপ্তাহের একটিতে দুই দিন ফাঁকা করতে হতো, এক সপ্তাহে একটি কোপা ইতালিয়া কোয়ার্টার ফাইনাল এবং অন্য সপ্তাহে তিনটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা নিয়ে। তবুও সমস্যা থেকেই যেত। কারণ ওই কোয়ার্টার ফাইনালে অংশ নেওয়া খেলোয়াড়দের ডাকা যেত না, একইভাবে বিদেশে খেলা ফুটবলারদেরও ছাড় দিত না ক্লাবগুলো। এই পরিস্থিতিতে গাত্তুসোর মন্তব্য ছিল স্পষ্ট, ‘এই শর্তে হলে, না করাই ভালো।’

এখন বাস্তবতা হলো, আগামী দুই মাসে খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ রাখার একমাত্র উপায় হিসেবে ব্যক্তিগত সাক্ষাৎ ও এমনকি ইতালি ও ইউরোপজুড়ে নৈশভোজের মাধ্যমেই সম্পর্ক বজায় রাখতে হবে গাত্তুসোকে। পাশাপাশি সম্ভাব্য নতুন মুখ খুঁজতে তিনি একাধিক ম্যাচে উপস্থিত থাকবেন। নজরে থাকছেন মার্কো পালেস্ত্রা, নিকোলো জানিওলো, ফেদেরিকো কিয়েসা ও নিকোলো ফাজিওলির মতো ফুটবলাররা।

লেগা সেরি আ এখনো চেষ্টা করছে, নর্দার্ন আয়ারল্যান্ড ম্যাচের আগে ২২ মার্চের সপ্তাহান্তে যত বেশি সম্ভব ম্যাচ শুক্রবার ও শনিবারে আয়োজন করতে। তবে ওই রাউন্ডে ফিওরেন্তিনা ও ইন্টার মুখোমুখি হওয়ার কথা স্টাদিও ফ্রাঙ্কিতে। যদি ফিওরেন্তিনা কনফারেন্স লিগের শেষ ষোলোতে ওঠে, তাহলে শনিবারেও ম্যাচটি আয়োজন করা সম্ভব হবে না। সেক্ষেত্রে গাত্তুসোর হাতে পুরো দল নিয়ে প্রস্তুতির জন্য থাকবে মাত্র কয়েকটি অনুশীলন সেশন, যা এমন এক গুরুত্বপূর্ণ প্লে-অফের আগে নিঃসন্দেহে বড় দুশ্চিন্তার কারণ।

Popular

More like this
Related

দুই ধাপে ৮১ স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিল ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মোট...

পিএনজিকে সহজেই হারাল বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে আত্মবিশ্বাসী পারফরম্যান্স অব্যাহত রাখল বাংলাদেশ...

বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয় বাংলাদেশের

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে ব্যাপক আকারে...

ভারতে খেলতে আইসিসির অযৌক্তিক চাপ মানবে না বাংলাদেশ: আসিফ নজরুল

ভারতে খেলতে বাধ্য করতে আইসিসি যদি কোনো অযৌক্তিক চাপ...