পোল্যান্ডে চলমান বিশ্ব ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে এবারের মৌসুমে নিজের সেরা টাইমিং করেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। তবুও ৬০ মিটার স্প্রিন্টের হিট থেকে ছিটকে গেছেন তিনি।
শুক্রবার ৭ জন প্রতিযোগীর মধ্যে পঞ্চম হয়ে দৌড় শেষ করেন এই অ্যাথলেট।
পোল্যান্ডের কুজাউই পমোরজে অনুষ্ঠিত দুই নম্বর হিটে ইমরানুর সময় নেন ৬.৭১ সেকেন্ড। সেমিফাইনালের টিকিট পেতে আরও ০.০৯ সেকেন্ড কম নিয়ে দৌড় শেষ করতে হতো তাকে। এই হিট থেকে পর্তুগিজ স্প্রিন্টার এলয় বেনিতেজ ৬.৬২ সেকেন্ড সময় নিয়ে সবশেষ অ্যাথলেট হিসেবে সেমিফাইনালে পা রাখেন।
২০২৩ সালের এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে স্বর্ণজয়ী ইমরানুর এই বছরের শুরুর দিকে চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত ১২তম এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলেছিলেন। সেখানে তিনি ৬.৭৫ সেকেন্ড সময় নিয়েছিলেন। সেবার হিটে ৬.৭৩ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিলেন তিনি।
নিজের পারফরম্যান্স প্রসঙ্গে ইমরানুর বলেন, ‘মৌসুমের সেরা টাইমিং হয়েছে ঠিকই, কিন্তু ব্যক্তিগত সেরা রেকর্ড আরও উন্নত করা প্রয়োজন। ইনশাআল্লাহ, সামনে আরও ভালো করার চেষ্টা করব।’
দেশবাসীকে আসন্ন উৎসবের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘সবাইকে ঈদ মোবারক, ভালো থাকবেন।’