বার্নাব্যুর দুয়োধ্বনি ছাপিয়ে আরবেলোয়ার রিয়ালের প্রথম জয়

Date:

টানা হতাশা, কোচ পরিবর্তন আর ব্যর্থতার ভারে যখন টালমাটাল রিয়াল মাদ্রিদ, তখন নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতেই ভক্তদের তীব্র দুয়োধ্বনির মুখে পড়ে দলটি। তবে সেই নেতিবাচক আবহ উপেক্ষা করেই লা লিগায় লেভান্তেকে ২–০ গোলে হারিয়ে নতুন কোচ আলভারো আরবেলোয়ার অধীনে প্রথম জয় তুলে নিল লস ব্লাঙ্কোসরা।

শনিবারের এই ম্যাচে বিরতির পর বদলে যায় চিত্র। দ্বিতীয়ার্ধে কিলিয়ান এমবাপে ও রাউল আসেনসিওর গোলেই নিশ্চিত হয় রিয়ালের গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট। এই জয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান একে নামিয়ে আনে স্প্যানিশ চ্যাম্পিয়নরা, যদিও রোববার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামবে কাতালান ক্লাবটি।

সপ্তাহজুড়ে হতাশাজনক পারফরম্যান্সের জেরে ম্যাচ শুরুর আগেই ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহ্যামকে লক্ষ্য করে ক্ষোভ ঝাড়েন স্বাগতিক সমর্থকরা। তবে একাদশে থাকা এমবাপে তুলনামূলকভাবে সেই দুয়োধ্বনি থেকে রেহাই পান। হাঁটুর চোট কাটিয়ে ওঠার প্রক্রিয়ায় থাকা ফরাসি তারকা আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে মোনাকোর বিপক্ষে ফেরার কথা রয়েছে।

ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ টিভিকে আসেনসিও বলেন, ‘আজ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ দিন ছিল। নিজেদের সমর্থকদের সামনে আমরা পরিস্থিতি বদলাতে চেয়েছিলাম। আলবাচেতে যা ঘটেছে, তা হওয়া উচিত ছিল না। আমরা দায়বদ্ধতা অনুভব করেছি এবং সেটার প্রমাণ দিতে চেয়েছি। বিশেষ করে দ্বিতীয়ার্ধে দল নিজেদের ভালোভাবে তুলে ধরেছে।’

আরবেলোয়ার ৪৩তম জন্মদিনেই এলো এই জয়, যদিও প্রথমার্ধে তার দল ছিল নিষ্প্রভ ও শক্তিহীন। তবে গ্যালারিতে ছিল ভিন্ন চিত্র, বেশ বড় একটি অংশ নিজের দলকেই লক্ষ্য করে ক্ষোভ প্রকাশ করে যাচ্ছিল। এক সপ্তাহের মধ্যেই স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার, জাবি আলোনসোর বিদায় এবং কোপা দেল রে থেকে বিদায়, সব মিলিয়ে পরিস্থিতি যে কতটা উত্তপ্ত, সেটাই ফুটে উঠেছিল বার্নাব্যুতে। এমনকি ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের পদত্যাগ চেয়েও স্লোগান ওঠে।

প্রথমার্ধে ১৯তম স্থানে থাকা লেভান্তের বিপক্ষে রিয়ালের একমাত্র বড় সুযোগটি পান এমবাপে। দীর্ঘ বল ধরে ভলিতে শট নিলেও সেটি পোস্টের বাইরে চলে যায়। বিরতিতে আবারও দুয়োধ্বনির মুখে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে ফ্রাঙ্কো মাসতানতুয়োনো ও আরদা গুলারকে নামিয়ে আক্রমণে গতি আনেন আরবেলোয়া। এরই ফল আসে দ্রুত। বক্সের ভেতর আদ্রিয়ান দে লা ফুয়েন্তের ফাউলে পেনাল্টি পান এমবাপে, যা থেকে নিজের মৌসুমের ১৯তম লিগ গোলটি করেন তিনি।

এই গোলের মাধ্যমে লা লিগায় মাত্র ৫৩ ম্যাচে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করলেন এমবাপে, রিয়াল মাদ্রিদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে মাত্র দুই ম্যাচ বেশি সময় নিয়ে। রোনালদো এই কীর্তি গড়েছিলেন ৫১ ম্যাচে।

এরপর গুলারের কর্নার থেকে হেডে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন আসেনসিও। ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় রিয়ালের হাতে। যদিও বেলিংহ্যাম ও ভিনিসিয়ুসের আরও দুটি প্রচেষ্টা ঠেকিয়ে দেন লেভান্তে গোলরক্ষক ম্যাথু রায়ান।

শেষ পর্যন্ত জয়েই কিছুটা শান্ত হয় বার্নাব্যুর গ্যালারি। তবে এই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে না পারলে, খুব দ্রুতই যে আবার শিস আর দুয়োধ্বনি ফিরবে, সেই বার্তাও যেন স্পষ্ট করে দিয়ে গেল এই ম্যাচ।

Popular

More like this
Related

‘দেশের স্থিতিশীলতা যারা নষ্ট করতে চায়, তাদের ষড়যন্ত্র শুরু হয়ে গেছে’

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র...

বিপর্যয়ের মুখে বাংলাদেশের ক্রিকেট

​'খেলাটার জন্য এক দু:খের মুহুর্ত'—বাংলাদেশের বিশ্বকাপ থেকে বাদ পড়ার...

হাদির ওপর হামলার পেছনে বড় ষড়যন্ত্র আছে: নাহিদ ইসলাম

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র...

আইসিসির সিদ্ধান্ত মেনে নিয়ে আর কোন পদক্ষেপ নিচ্ছে না বিসিবি

বিসিবি সভাপতি সেদিনও বলেছিলেন, শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন।...