বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল

Date:

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আলোচনার জন্য আইসিসির একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করতে যাচ্ছে। আসরটি আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গতকাল বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে গণমাধ্যমের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এই তথ্য জানান।

ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমি সর্বশেষ অবস্থা শুধু এইটুকুই জানি, আমাকে (বিসিবি সভাপতি) আমিনুল ইসলাম সাহেব জানিয়েছে যে, আইসিসির একটা টিম বোধহয় আসছে বাংলাদেশে কথা বলার জন্য। তবে আমাদের অবস্থান থেকে সরার কোনো সুযোগ নেই।’

তিনি যোগ করেন, ‘আমরা প্রচণ্ডভাবে বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই এবং সেটা আমরা শ্রীলঙ্কাতেই খেলতে চাই এবং এটা আয়োজন করা অসম্ভব না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

নাম প্রকাশ না করার শর্তে বিসিবির এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি এবং আইসিসির একটি প্রতিনিধি দল আসার কথা রয়েছে। তবে সফরের নির্দিষ্ট তারিখ এখনও নির্ধারিত হয়নি। আমাদের মধ্যে যোগাযোগ চলছে, কিন্তু দিনক্ষণ চূড়ান্ত হয়নি।’

গত মঙ্গলবার বিসিবির শীর্ষ কর্মকর্তারা আইসিসির সঙ্গে একটি ভিডিও কনফারেন্স করেন। সেই বৈঠকের পর বাংলাদেশ বোর্ড নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা উল্লেখ করে বিশ্বকাপে খেলতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তে অনড় থাকে। পাশাপাশি বাংলাদেশ দলের ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নেওয়ার অনুরোধ পুনর্ব্যক্ত করে।

আইসিসি বিসিবিকে তাদের অবস্থান পুনর্বিবেচনা করার অনুরোধ করলেও বাংলাদেশ বোর্ড নিজেদের সিদ্ধান্তে অটল থাকে। তবে বিসিবি ও আইসিসি— উভয় পক্ষই ‘সম্ভাব্য সমাধান খুঁজতে’ আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে একমত হয়েছে।

Popular

More like this
Related

মেট্রোরেল কর্মীদের ‘সর্বাত্মক কর্মবিরতি’র ডাক, সেবা চালু রাখার ঘোষণা কর্তৃপক্ষের

আগামীকাল শুক্রবার মেট্রোরেল চলবে কি না, তা নিয়ে ধোঁয়াশা...

পাকিস্তানকে ৯-১ ব্যবধানে উড়িয়ে দিলো বাংলাদেশ

আর মাত্র একটি জয়, তাতেই ইতিহাস গড়বে বাংলাদেশ। ব্যাংককে...

পোস্টাল ব্যালটে ভোট দিতে ৩ লাখ ৭ হাজার প্রবাসীর নিবন্ধন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে...

এবার আইসিসির স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটির দ্বারস্থ বিসিবি

ভারত থেকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নেওয়ার...