বাংলাদেশ যেন ফ্যাসিবাদী ব্যবস্থায় আর ফিরে না যায় সে জন্যই গণভোট: আলী রীয়াজ

Date:

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, বাংলাদেশ যেন ফ্যাসিবাদী ব্যবস্থায় আর ফিরে না যায়, সে জন্যই এবারের গণভোট।

আজ বুধবার গণভোট বিষয়ে দিকনির্দেশনা প্রদানে কৃষি বিভাগের ১৭ হাজার কর্মকর্তা ও মাঠকর্মীর জন্য অনলাইন প্ল্যাটফর্ম জুমে আয়োজিত এক সভায় এ কথা বলেন তিনি।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘গণভোটের এই সুযোগ আগামী ৫ বছর বা ১০ বছরে আর আসবে না। ভবিষ্যতের বাংলাদেশ কীভাবে চলবে, তা ঠিক করে দেওয়ার এই সুযোগকে কাজে লাগাতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের যে কয়টি মন্ত্রণালয়ের উপজেলা-ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে জনবল আছে, তাদের মধ্যে কৃষি মন্ত্রণালয় অন্যতম। জনগণের সঙ্গে আপনাদের যে যোগাযোগ আছে, তার মধ্য দিয়ে গণভোট বিষয়ে সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে।’

গণভোট-সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘২০২৪ সালের গণঅভ্যুত্থান ও বিগত ১৬ বছরের সংগ্রামে হাজারো মানুষ প্রাণ দিয়েছেন। তারা প্রাণ দিয়ে আমাদের এই দায়িত্ব দিয়ে গেছেন—এমন ব্যবস্থা করার, যেন আমরা আগের সেই অবস্থায় ফিরে না যাই।’

কৃষি বিভাগের কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী বলেন, ‘গণভোটকে আপনারা মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করুন।’

মানুষের কাছে যেন বিষয়টি সহজবোধ্য হয়, সে জন্য গণভোটকে হ্যাঁ-না ভোট হিসেবে উপস্থাপনের পরামর্শ দেন তিনি।

পাশাপাশি গণভোটের ফলে কী কী পরিবর্তন আসবে, তা সময় নিয়ে মানুষকে বুঝিয়ে বলার জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেন অধ্যাপক আলী রীয়াজ।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি প্রধান উপদেষ্টার আরেক বিশেষ সহকারী মনির হায়দার বলেন, আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, সুন্দর ও গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই।

গত ৫৪ বছরেও এই অতি সাধারণ আকাঙ্ক্ষা পূরণে খুব বেশি অগ্রগতি হয়নি উল্লেখ করে তিনি বলেন, বিগত ১৬ বছরের শাসন ও জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সবাই উপলব্ধি করেছি যে, এই শাসন ও সাংবিধানিক ব্যবস্থার একটি বড় ধরনের সংস্কার প্রয়োজন।

মনির হায়দার আগামীতে ফ্যাসিবাদী ব্যবস্থা আবার যেন ফিরে না আসে, তা নিশ্চিত করতে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানান।

এ সময় তিনি গণভোট বিষয়ে জনমত সৃষ্টির জন্য প্রস্তুত করা লিফলেটের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কর্মকর্তাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরেন।

সভায় কৃষি মন্ত্রণালয়ের সচিব জানান, গণভোট বিষয়ে জনগণকে সচেতন করে তুলতে মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থাগুলো ড্রপ-ডাউন ব্যানার স্থাপন, নিজস্ব ব্যবস্থাপনায় লিফলেট প্রস্তুত ও বিতরণ, কৃষি তথ্য সার্ভিসের মোবাইল ভ্যান ও আঞ্চলিক রেডিও সেন্টার থেকে প্রচার, প্রকল্প এলাকায় সচেতনতা সৃষ্টিতে সভা-সমাবেশ আয়োজনের পাশাপাশি কৃষি বিভাগের ২৪/৭ হটলাইন সার্ভিস গণভোট বিষয়ে সচেতনতা সৃষ্টিতে কাজ করবে।

Popular

More like this
Related

পটুয়াখালীতে এনসিপির ছাত্র সংগঠন ছেড়ে অর্ধশত নেতাকর্মী গণঅধিকার পরিষদে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তি ছেড়ে অর্ধশত...

আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান...

জুলাই সনদে একাত্তরকে মুছে দেওয়ার বিষয়ে কোনো কথা নেই: আলী রীয়াজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার...

ঢাকায় সায়েন্স ল্যাব ও টেকনিক্যাল মোড়ে শিক্ষার্থীদের অবরোধ

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর সায়েন্স...