সেন্সর সার্টিফিকেট পেয়েছে নুরুল আলম আতিক নির্মিত সিনেমা ‘মানুষের বাগান’। এ বছর চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে প্রথম সনদ পাওয়া সিনেমা এটি।
আজ রোববার নির্মাতা প্রতিষ্ঠান ইমপ্রেস এসব তথ্য জানিয়েছে।
নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, খুব শিগগির বড় পর্দায় ‘মানুষের বাগান’ দেখতে পারবেন দর্শক।
সমাজের বিভিন্ন শ্রেণির মানুষকে নিয়ে গড়ে উঠেছে সিনেমার কাহিনী। এতে ‘মানুষের বাগান’ শিরোনামে একটি গান করছে ব্যান্ড দল চিরকুট। গানটির গীতিকার নাহিদুর রহমান আনন্দ।
এছাড়া পোস্টারে দেখা গেছে, পৃথিবীর গোল আকৃতিকে পেছনে রেখে দাঁড়িয়ে আছে অনেক মানুষ! তারা একেকজন একেক কাজে ব্যস্ত! সব বয়সী মানুষ রয়েছে সেখানে। ঠিক যেন মানুষের বাগান!
সিনেমাটিতে অভিনয় করেছেন প্রসূন আজাদ, মনোজ, জ্যোতিকা জ্যোতি, স্বাগতা, মুনিরা মিঠু, মাহমুদ আলম, দীপান্বিতা মার্টিন, অর্চিতা স্পর্শিয়াসহ অনেকে।