বগুড়ার স্পোর্টিং উইকেটে খুশি তাসকিন

Date:

গত বছরের অক্টোবরে সবশেষ ওয়ানডে খেলেছিলেন। এরপর লম্বা সময় কেটেছে টি-টোয়েন্টি আর চোটে। অবশেষে প্রায় সাড়ে তিন মাস পর ওয়ানডে ফরম্যাটে ফিরলেন তাসকিন আহমেদ। বিসিএল ওয়ানডে টুর্নামেন্টে নিজের ফেরার ম্যাচে বোলিং কোটা পূর্ণ করে ৪৬ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। পরে জানিয়েছেন স্পোর্টিং উইকেটে বল করার তৃপ্তি। 

মার্চে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রস্তুতি হিসেবে এই টুর্নামেন্টকে বেছে নিয়েছে বিসিবি। সেন্ট্রাল জোনের হয়ে মাঠে নামা এই ডানহাতি পেসার প্রথম ম্যাচটি খেলেননি ওয়ার্কলোড ঠিক করার জন্য। তবে দ্বিতীয় ম্যাচে ইস্ট জোনের বিপক্ষে মাঠে নেমে দেখিয়েছেন পুরনো ধার।

ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজের শারীরিক অবস্থা ও বগুড়ার উইকেট নিয়ে কথা বলেন তাসকিন। সাইনোসাইটিসের কারণে শুরুতে বিসিএলে তার খেলার কথা না থাকলেও পরে সেন্ট্রাল জোন স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয় তাকে।

তাসকিন বলেন, ‘আসলে আমি আগে একটু অসুস্থ ছিলাম, কয়েকদিন বোলিংও করতে পারিনি। এ কারণে বোলিংয়ের চাপ বা ওয়ার্কলোড ধীরে ধীরে বাড়িয়েছি। প্রথম ম্যাচে না খেলে দ্বিতীয় ম্যাচ থেকে শুরু করলাম। লম্বা সময় পর ওয়ানডে খেললাম, বোলিং বেশ ভালো হয়েছে। আশা করছি সামনে আরও ছন্দ ফিরে পাব।’

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের উইকেট বরাবরই স্পোর্টিং হিসেবে পরিচিত। বিদেশের ফ্ল্যাট উইকেটে বাংলাদেশের বোলাররা যখন খাবি খান, তখন বগুড়ার এই উইকেটকে বড় পরীক্ষার জায়গা হিসেবে দেখছেন তাসকিন। তার মতে, এখানে বোলারদের ভুলের সুযোগ খুব কম।

বগুড়ার কন্ডিশন নিয়ে তাসকিন বলেন, ‘এখানকার কন্ডিশন ছিল চমৎকার। একদম স্পোর্টিং উইকেট, যেখানে ব্যাটার এবং বোলার—উভয়ের জন্যই কিছু না কিছু আছে। যদিও বোলারদের জন্য এখানে ভুলের সুযোগ খুবই সামান্য, যা আমরা বিদেশের ফ্ল্যাট উইকেটে দেখে থাকি। অনেকদিন পর বগুড়ায় খেলছি, আমার মনে হয়েছে এটি বোলার ও ব্যাটার উভয়ের উন্নতির জন্য বড় সুযোগ।’

সামনে পাকিস্তান সিরিজের আগে এই ঘরোয়া টুর্নামেন্টকে প্রস্তুতির সেরা মঞ্চ মানছেন এই পেসার, ‘পাকিস্তান সিরিজের ঠিক আগে বিসিএল খুব ভালো হচ্ছে। প্রতিটি ম্যাচই বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এটি আমাদের শারীরিক, মানসিক ও দক্ষতার দিক থেকে প্রস্তুতির জন্য বড় সাহায্য করবে। এমন টুর্নামেন্ট আয়োজনের জন্য বিসিবি-কে ধন্যবাদ জানাই।’

মাঠে দর্শকদের উপস্থিতি দেখেও মুগ্ধ তাসকিন। রমজান ও তীব্র রোদ উপেক্ষা করে গ্যালারি ভরা দর্শক দেখে তিনি বলেন, ‘এত গরম আর রোজার মধ্যেও স্টেডিয়াম ভর্তি দর্শক দেখে খুব ভালো লেগেছে। ভক্তরা যদি আমাদের এভাবেই সমর্থন দেন, তবে দেশের ক্রিকেট এগিয়ে যাবে। তাদের এই ভালোবাসা আমাদের আরও ভালো খেলতে উৎসাহ দেয়।’

 

Popular

More like this
Related

সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও রদবদল

বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপর্যায়ে কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে।...

জিম্বাবুয়েকে গুঁড়িয়ে টিকে রইল ভারত, সেমিতে দ.আফ্রিকা

অভিষেক শর্মা, হার্দিক পান্ডিয়াদের তাণ্ডবে ভারত রেকর্ড পুঁজি গড়ার...

ভূমি অফিসে সেবা ফি সাইনবোর্ডে টানানোর নির্দেশ

দেশের সব ভূমি অফিসে নামজারি, খতিয়ান ও মৌজা ম্যাপের...

ঢাবিতে নারীকে লাঠি হাতে হেনস্তাকারী তরুণ গাজীপুরে হত্যা মামলার আসামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের কাছে বুধবার...