ফের রিয়ালের মুখোমুখি হওয়া নিয়ে যা বললেন গার্দিওলা

Date:

ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা জানিয়েছেন, রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘদিন ধরে চলা প্রতিদ্বন্দ্বিতা থেকে তারা অনেক মূল্যবান শিক্ষা পেয়েছেন। গতকাল শুক্রবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্রয়ের পর আবারও স্প্যানিশ পরাশক্তিদের মুখোমুখি হতে যাচ্ছে সিটি। আগামী মার্চে দুই লেগের এই লড়াইয়ে রেকর্ড ১৫ বারের ইউরোপিয়ান ক্লাব চ্যাম্পিয়নদের মোকাবিলা করবে গার্দিওলার দল।

চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত সিটি ও রিয়াল ১৫ বার মুখোমুখি হয়েছে। গত ডিসেম্বরে সবশেষ দেখায় সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত চলতি মৌসুমের প্রাথমিক পর্বের ম্যাচে ইংলিশ জায়ান্টরা ২-১ গোলে জেতে।

২০১৯-২০ মৌসুম থেকে এই নিয়ে ষষ্ঠবারের মতো ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরের নক-আউট পর্বে সিটির প্রতিপক্ষ রিয়াল। এর মধ্যে গত দুই মৌসুমেই ম্যান সিটিকে বিদায় করে দেয় রিয়াল। রিয়াল গতবার প্লে-অফ পর্বে দুই লেগ মিলিয়ে ৬-৩ ব্যবধানে এবং ২০২৩-২৪ মৌসুমের কোয়ার্টার ফাইনালে পেনাল্টি শ্যুটআউটে জয়লাভ করে। এছাড়া, ২০২২ ও ২০২৩ সালের সেমিফাইনালেও দল দুটি মুখোমুখি হয়েছিল। প্রথম লড়াইয়ে রিয়াল জিতলেও তিন বছর আগে সিটি জয়ী হয়েছিল।

গার্দিওলা মনে করেন, চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের সেরা ক্লাবের বিপক্ষে খেলার চ্যালেঞ্জ তার দলের সাফল্যের আকাঙ্ক্ষাকে আরও বাড়িয়ে দিয়েছে। শেষ ষোলোর ড্রয়ের পর তিনি বলেন, ‘আমাদের ক্লাবের দিক থেকে… যখন আপনি এই টুর্নামেন্টের ইতিহাসের সেরা দলগুলোর বিপক্ষে খেলবেন, তখন আপনি অনেক কিছুই শিখবেন এবং ভবিষ্যতের জন্য নিজেকে আরও উন্নত করার সুযোগ পাবেন।’

২০২২-২৩ মৌসুমে তারকা স্প্যানিশ কোচ গার্দিওলার অধীনেই নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা উঁচিয়ে ধরে সিটি। পাশাপাশি প্রিমিয়ার লিগ ও এফএ কাপ জয়ের মাধ্যমে তারা ঐতিহাসিক ‘ট্রেবল’ পূর্ণ করেছিল। আপাতত গার্দিওলার মূল নজর সিটির হয়ে সপ্তম লিগ শিরোপা জেতার দিকে। আজ শনিবার তারা অ্যাওয়ে ম্যাচে লিডস ইউনাইটেডের মুখোমুখি হবে।

বর্তমানে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ৫ পয়েন্টে পিছিয়ে থাকলেও শিরোপার ভাগ্য এখনও ম্যান সিটির হাতেই রয়েছে। কারণ সিটিজেনরা এক ম্যাচ কম খেলেছে এবং আগামী এপ্রিলে নিজেদের মাঠে তারা গানারদের মোকাবিলা করবে। গার্দিওলার দল যদি তাদের বাকি ১১টি লিগ ম্যাচ জেতে, তবে আর্সেনাল তাদের শেষ ১০ ম্যাচে যাই করুক না কেন— সিটিই চ্যাম্পিয়ন হবে।

শিরোপা জয়ের দৌড়ে গার্দিওলা অভিজ্ঞ হলেও আর্সেনালের কোচ মিকেল আর্তেতা এখনও প্রিমিয়ার লিগ ট্রফির অপেক্ষায় আছেন। তার অধীনে আর্সেনাল এখন পর্যন্ত কেবল ২০২০ সালের এফএ কাপ জিতেছে। আর গত তিনটি মৌসুমে লিগে গানারদের রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।

২০২২-২৩ ও ২০২৩-২৪ মৌসুমে আর্তেতার দল বড় ব্যবধানে এগিয়ে থেকেও সিটির কাছে শেষমেশ শিরোপা হারায়। এই মৌসুমেও তারা পা হড়কাতে শুরু করেছে, যা চাপের মুখে তাদের সক্ষমতা নিয়ে সমালোচনার জন্ম দিয়েছে। প্রথমবার শিরোপা জেতার দৌড়ে থাকাকালীন অনুভূতি কেমন ছিল, এমন প্রশ্নে গার্দিওলা জবাব দেন, ‘আমার মনে নেই। মিকেলকে কোনো উপদেশ দেওয়ার জন্য আমি এখানে আসিনি।’

Popular

More like this
Related

মধ্যপ্রাচ্যে উত্তেজনা অবসানে চীনের আহ্বান, ইরানের সার্বভৌমত্ব সম্মানের দাবি

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার অবিলম্বে অবসান চেয়েছে চীন। দেশটির...

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড কমান্ডার নিহত: রয়টার্স

ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ ও বিপ্লবী গার্ডের কমান্ডার মোহাম্মদ...

রুশ নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ

ইরানে অবস্থানরত রুশ নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে রাশিয়া।আল...

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক

ইরানের বিভিন্ন জায়গায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার ফলে...