রাজধানীর বিভিন্ন এলাকায় ফুটপাত ও রাস্তা দখল করে দোকান বা প্রতিষ্ঠানের বর্ধিতাংশ খালি করে দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
অন্যথায়, আগামী ১ এপ্রিল থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অবৈধভাবে রাস্তা-ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
আজ সোমবার এক গণবিজ্ঞপ্তিতে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার এ হুঁশিয়ারি দিয়েছেন।
এতে বলা হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কের পাশে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বা দোকান সম্প্রসারণ করে অবৈধভাবে ফুটপাত ও রাস্তায় পরিচালনা করা হয়। অনেক ক্ষেত্রে বিভিন্ন মালামাল ফুটপাত ও রাস্তায় রাখা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মোটরগাড়ির ওয়ার্কশপ বা পার্টসের দোকানগুলো প্রায়ই ফুটপাত ও রাস্তার এক লেন দখল করে গাড়ি মেরামতের কাজ করে,
এসব ক্ষেত্রে ফুটপাত দিয়ে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এবং সার্বিকভাবে নিরাপত্তা হুমকি ও যানজট তৈরি হয় বলে মনে করে ডিএমপি।
এ অবস্থায় মহানগরীর সব এলাকায় ফুটপাত বা রাস্তা অবৈধভাবে দখল করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনাকারীদের দ্রুত দখল ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে ডিএমপি।
আগামী ১ এপ্রিল থেকে অভিযান চালানো হবে উল্লেখ করে গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কারাদণ্ড, অর্থদণ্ড, মালামাল বাজেয়াপ্তের মতো কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।