ঘরের মাঠে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হারাতে পারলে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের নবম স্থানে উঠে আসার সুযোগ রয়েছে বাংলাদেশের। আগামী ১১ থেকে ১৫ মার্চ পর্যন্ত মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজটি অনুষ্ঠিত হবে।
বর্তমানে ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ের দশম স্থানে রয়েছে বাংলাদেশ দল। মাত্র ১ পয়েন্ট বেশি নিয়ে তাদের ঠিক উপরেই আছে ওয়েস্ট ইন্ডিজ। আর অষ্টম স্থানে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ৮৮।
এবারের সিরিজে বাংলাদেশ যদি পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পায়, তবে তাদের পয়েন্ট বেড়ে দাঁড়াবে ৭৯ এবং তারা নবম স্থানে উঠে আসবে। আর যদি প্রতিপক্ষকে তারা ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করতে পারে, তবে এক ধাপ এগোনোর পাশাপাশি তাদের পয়েন্ট বেড়ে হবে ৮০।
অন্যদিকে, পাকিস্তানের কাছে বাংলাদেশ যদি ২-১ ব্যবধানে সিরিজ হারে, তবে ওয়েস্ট ইন্ডিজের সমান ৭৭ পয়েন্ট হলেও ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে থাকায় তারা দশম স্থানেই থেকে যাবে। আর ৩-০ ব্যবধানে হারলে টাইগারদের পয়েন্ট কমে দাঁড়াবে ৭৪। সেক্ষেত্রেও র্যাঙ্কিংয়ে অবস্থানের কোনো পরিবর্তন হবে না।
পাকিস্তান বর্তমানে ওয়ানডে র্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে রয়েছে। সিরিজের ফল যাই হোক না কেন, তাদের অবস্থানের কোনো পরিবর্তন হবে না। তবে রেটিং পয়েন্ট বাড়তে বা কমতে পারে।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সরাসরি অংশগ্রহণের দৌড়ে টিকে থাকতে বাংলাদেশের জন্য এই সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী বছরের অক্টোবর-নভেম্বরে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় যৌথভাবে অনুষ্ঠিত হবে আসরটি।
২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল এবং আয়োজক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। বাকি চারটি স্থান নির্ধারিত হবে বাছাইপর্বের মাধ্যমে। উল্লেখ্য, প্রথমবারের মতো সহ-আয়োজক হলেও আইসিসির পূর্ণ সদস্য না হওয়ায় নামিবিয়া সরাসরি খেলার সুযোগ পাচ্ছে না।
সিরিজটি খেলতে আগামী ৯ মার্চ বাংলাদেশে পৌঁছাবে পাকিস্তান দল। ১০ মার্চ অনুশীলনের পর ১১ মার্চ প্রথম ওয়ানডেতে মাঠে নামবে তারা। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৩ ও ১৫ মার্চ।
বুধবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। সেখানে সবচেয়ে বড় চমক সাবেক অধিনায়ক বাবর আজমের বাদ পড়া। পাশাপাশি নেই ফখর জামান ও সাইম আইয়ুব। শাহিন শাহ আফ্রিদি সফরকারীদের নেতৃত্ব দেবেন।
পাকিস্তানের স্কোয়াডে ছয়জন নতুন মুখ জায়গা পেয়েছেন। তারা হলেন আব্দুল সামাদ, মাজ সাদাকাত, মুহাম্মদ গাজী ঘোরি, সাদ মাসুদ, সাহিববজাদা ফারহান ও শামিল হোসেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনও দল ঘোষণা করেনি।