রাজধানীর পল্টন ও গুলিস্তান এলাকা থেকে বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার দুপুরে পল্টন থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছেন, পল্টনে স্কাউট ভবনের পাশ থেকে প্রথমে একটি কাটা পা উদ্ধার করে পুলিশ। এরপর সকালে বায়তুল মোকাররম মসজিদের পাশ থেকে দুটি কাটা হাত উদ্ধার করা হয়।
ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে জানা যায়, নিহত ব্যক্তির নাম ওবায়দুল্লাহ। তার তার বাড়ি নরসিংদী শিবপুর উপজেলার সাধারচর গ্রামে।
শিবপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ ডেইলি স্টারের নরসিংদী সংবাদদাতাকে জানান, ঢাকা থেকে যোগাযোগ করার পর তিনি নিহত ব্যক্তির বাড়িতে গিয়েছিলেন।
‘নিহত ওবায়দুল্লাহর পরিবারের সদস্যরা আমার কাছ থেকেই ঘটনাটি জানতে পারেন,’ বলেন এই পুলিশ কর্মকর্তা।
তিনি আরও জানান, বাড়িতে ওবায়দুল্লাহর মা-বাবা, এক ভাই ও এক বোন। ভাই-বোনের মধ্যে ওবায়দুল্লাহ বড়। তার বাবা কৃষি কাজ করেন।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে আবদুল্লাহ বলেন, অভাবের সংসারে স্বস্তি আনতে ওবায়দুল্লাহ ঢাকায় এক চিকিৎসকের অধীনে চাকরি নিয়েছিলেন। থাকতেন মেসে, মাসে মাসে বাড়িতে টাকা পাঠাতেন। সর্বশেষ বাড়ি গিয়েছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে। ১৩ ফেব্রুয়ারি তিনি ঢাকায় ফেরেন।