পবিত্র শবে বরাতে দেশ-জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার

Date:

আগামীকাল মঙ্গলবার দিবাগত রাতে সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হবে। এ উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। 

দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা ও মানব কল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানিয়ে বাণীতে তিনি বলেন, ‘মহিমান্বিত এই রাতে আমরা ইবাদত-বন্দেগি, দান-সদকার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য ও ক্ষমা লাভ করতে পারি। আত্মসমালোচনা ও তওবার মাধ্যমে জীবনকে সঠিক পথে পরিচালিত করা এবং গুনাহ থেকে পরিশুদ্ধ হওয়ার প্রচেষ্টার মাধ্যমে আমরা অর্জন করতে পারি আল্লাহ তায়ালার অসীম অনুগ্রহ, বরকত ও মাগফেরাত।’

হিজরি শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাত শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে মুসলমানগণ পালন করে থাকেন। এ রাতটি ‘লাইলাতুল বরাত’ হিসেবেও পরিচিত।

আগামীকাল বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মাগরিবের নামাজের পর সন্ধ্যা সাড়ে ৬টায় পবিত্র কোরআন ও হাদিসের আলোকে শবে বরাতের ফজিলত, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে ওয়াজ করবেন ঢাকার বাদামতলী শাহজাদা লেন জামে মসজিদের খতিব মুফতি মাওলানা নজরুল ইসলাম কাসেমী।

রাত সাড়ে ৮টায় পবিত্র কোরআন ও হাদিসের আলোকে শবে বরাতের শিক্ষা, করণীয় ও বর্জনীয় বিষয়ে ওয়াজ করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

ব্যক্তিগত নফল ইবাদত ও জিকির আযকারের জন্য বায়তুল মোকাররম মসজিদ সারা রাত মুসল্লিদের জন্য উন্মুক্ত থাকবে। ফজরের নামাযের পর মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শবে বরাতের অনুষ্ঠানমালা সমাপ্ত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, ইসলামিক মিশন কেন্দ্র ও ইমাম প্রশিক্ষণ একাডেমিতে একই ধরনের আলোচনা সভা, ওয়াজ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি চ্যানেল ও রেডিওতে ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচারিত হবে।

Popular

More like this
Related

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের বোর্ডবাজার এলাকায় একটি সোয়েটার কারখানার শ্রমিকেরা...

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ সোমবার অন্তর্বর্তী  সরকারের...

স্বরাষ্ট্রের পর মন্ত্রিপরিষদেও চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন নাসিমুল গনি

নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন নাসিমুল গনি। তিনি...

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য আবদুল হাছিব

রাজধানীর সাত কলেজের জন্য নবগঠিত বিশ্ববিদ্যালয় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র...