‘নিজেদের মধ্যে ঐক্য থাকলে সীমান্ত ইস্যুতে বৃহত্তর দর কষাকষি সম্ভব’

Date:

সীমান্ত পরিস্থিতিকে কোনো বিচ্ছিন্ন ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে না দেখে, বরং একটি কাঠামোগত, নির্মোহ ও মানবিক দৃষ্টিভঙ্গি থেকে বিশ্লেষণ করার লক্ষ্যে এক আলোচনা সভা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় বিশ্বসাহিত্য কেন্দ্রে সপ্রানের (সকল প্রাণের নিরাপত্তা) আয়োজনে ‘কাঁটাতারের এপার-ওপার: বাংলাদেশ–ভারত সীমান্তে সহিংসতা, পুশ-ইন ও রাষ্ট্রীয় জবাবদিহিতা’ শীর্ষক এই প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। 

আয়োজকদের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাঈদ ফেরদৌস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. সাজ্জাদ সিদ্দিকি, যুক্তরাষ্ট্রের কোলগেট বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাভিন মুর্শিদ, দৃকের ফটোগ্রাফি ও আর্কাইভিং ডিপার্টমেন্ট টিম লিডার পারভেজ আহমেদ রনি, মানবাধিকার সংস্থা অধিকারের ডকুমেন্টেশন অফিসার জারিন ইতু।

বাংলাদেশ-ভারত সীমান্তে ফেলানি খাতুন হত্যার ১৫ বছর পেরিয়ে যাওয়ার প্রেক্ষাপটে এই প্যানেল আলোচনা আয়োজিত হয়।

সেমিনারে ‘সপ্রান’-এর পক্ষ থেকে ‘বেয়ার লাইফস অ্যাক্রোস দ্য বর্ডার; কালেক্টিভ সাফারিং অ্যান্ড কালচার অব ইম্পিউনিটি ইন দ্য বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রন্টিয়ার’ শীর্ষক গবেষণাপত্রের সারসংক্ষেপ তুলে ধরা হয়। সপ্রানের গবেষক নুসরাত জাহান নিশু গবেষণার সারসংক্ষেপ উপস্থাপন করেন। তিনি সীমান্তে হত্যা, পুশইনসহ বিভিন্ন অপরাধের পরিসংখ্যান তুলে ধরে দেখান, কাঁটাতারের বেড়ায় কীভাবে জীবন তুচ্ছ হয়ে যায়। সপ্রানের পক্ষ থেকে সীমান্ত সমস্যা সমাধানে দক্ষিণ এশিয়ার নাগরিক সমাজের সম্মিলিত আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়। তাছাড়াও সীমান্ত এলাকায় অর্থনৈতিক উন্নয়নের প্রয়োজনীয়তারও সুপারিশ করা হয়।

প্যানেল আলোচক বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাঈদ ফেরদৌস তার বক্তব্যে বাংলাদেশসহ দক্ষিণ এশীয় গবেষকদের গবেষণার জায়গায় ভারতীয় দৃষ্টিভঙ্গির বাইরে এসে আরও গভীরভাবে বিশ্লেষণ করার ওপর জোর দেন। তিনি রাষ্ট্রীয় ও আইনি কাঠামোর বাইরে গিয়ে সীমান্তবর্তী মানুষের দৈনন্দিন বাস্তবতার নিরিখে দেখার আহ্বান জানান।

যুক্তরাষ্ট্রের কোলগেট বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাভিন মুর্শিদ তার আলোচনায় সমসাময়িক নব্য-উদারতাবাদী (নিওলিবারেল) যুগে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অর্থনৈতিক উদারীকরণ কীভাবে ভারতের বাঙালি মুসলিম জনগোষ্ঠীকে কার্যত পরিত্যাগ করেছে তা ব্যাখ্যা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. সাজ্জাদ সিদ্দিকি নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখতে পারলে সীমান্ত সংক্রান্ত ইস্যুতে বৃহত্তর দর কষাকষির জায়গায় কাজ করা সম্ভব হবে বলে মত দেন।

দৃকের ফটোগ্রাফি ও আর্কাইভিং ডিপার্টমেন্ট টিম লিডার পারভেজ আহমেদ রনি সীমান্তে ধারণ করা আলোকচিত্র উপস্থাপনার মাধ্যমে প্রত্যন্ত সীমান্তে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের নিত্যদিনের চিত্র তুলে ধরেন, যা অনেক সময় হয়তো জনসম্মুখেও আসে না। সীমান্তে হত্যাকাণ্ডের শিকারদের লাশ হস্তান্তরে প্রাতিষ্ঠানিক বিলম্ব ও ভারতীয় কর্তৃপক্ষের অসহোযোগিতার কথাও তুলে ধরেন তিনি।

মানবাধিকার সংস্থা অধিকারের ডকুমেন্টেশন অফিসার জারিন ইতু ডকুমেন্টেশনের ক্ষেত্রে কাজ করতে গিয়ে তার বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে বলেন, সীমান্তে ভুক্তভোগী পরিবারগুলো এখনো ট্রমায় ভুগছেন। সেই কারণে পরবর্তীতে বিচারের দাবি জানাতেও ভয় পান তারা।

সমাপনী বক্তব্যে সপ্রানের গবেষণা পরিচালক মো. জারিফ রহমান বলেন, সীমান্ত সংকটকে শুধুমাত্র জাতীয়তাবাদী বয়ান দিয়ে মোকাবিলা করা যাবে না। কেননা ঢাকায় থেকে আমরা রাষ্ট্র ও সীমান্তকে যেভাবে কল্পনা করি, সীমান্তবর্তী মানুষের জন্য তা সম্পূর্ণ ভিন্ন। তাদের ওপর রাষ্ট্র নামক ধারণাটি অনেকটাই আরোপ করে দেওয়া হয়েছে, যা তাদের সামাজিক, অর্থনৈতিক ও পারিবারিক জীবনে একটি স্থায়ী ক্ষত তৈরি করে দিয়েছে। তাই সীমান্তবর্তী এলাকার মানুষের জীবনমান উন্নয়নের দিকে নজর দিতে হবে। একইসঙ্গে এই সংকট নিয়ে আরও গভীর গবেষণার প্রয়োজনীয়তার প্রতি গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সপ্রানের গবেষক অপ্সরা ইসলাম তন্দ্রা।

Popular

More like this
Related

তিন জেলায় দুর্ঘটনায় প্রাণ গেল ৪ জনের

নোয়াখালী, গাজীপুর ও সাতক্ষীরায় পৃথক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪...

নরসিংদীতে ছাত্রদল কর্মীকে হত্যার ঘটনায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নরসিংদীতে ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম হত্যা মামলায় প্রধান দুই...

যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে ওসমান হাদির বড় ভাইকে নিয়োগ

ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে...

রাজনীতিতে এটা হতেই পারে, ইসলামী আন্দোলনের জোট ত্যাগ প্রসঙ্গে জামায়াত

অনেক নাটকীয়তার পর জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন '১১ দলীয় নির্বাচনী...