গত এশিয়া কাপে আলো ছড়িয়ে বাংলাদেশ দলে থিতু হয়েছিলেন সাইফ হাসান। তার জায়গা এতটাই পোক্ত হয়ে যায় যে, তাকে দেওয়া হয় সহ-অধিনায়কের দায়িত্ব। তবে শুরুর ঝলকের পর কেমন যেন বিবর্ণ সাইফের ব্যাট। এবার বিপিএলে একের পর এক ব্যর্থতায় প্রশ্নের মুখে পড়েছে তার ব্যাটিং।
গতকাল রংপুর রাইডার্সের বিপক্ষে বড় রান তাড়ায় তিনে নেমে ছক্কা-চারে শুরু করলেও বেশিক্ষণ টিকতে পারেননি। ৬ বলে ১২ রান করে নাহিদ রানার বলে স্টাম্প উড়ে যায় তার। বিপিএলে এবার ৮ ম্যাচে সাইফ মোটে করেছেন ৬০ রান। গড় ৭.৫০, আর স্ট্রাইকরেট ৮৩.৩৩।
জাতীয় দলের সহ-অধিনায়কত্ব পাওয়ার পর ১৪ ম্যাচে তার ব্যাটে নেই কোনো ফিফটি। টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরুর পর সাইফের টেকনিকের ঘাটতি ফুটে উঠলে তিনি দল থেকে বাদ পড়েন। এরপর নিজেকে আরও শাণিত করে ছোট সংস্করণের ক্রিকেটের জন্য তৈরি করেন। দ্বিতীয় দফায় ফিরে টি-টোয়েন্টি ব্যাটার হিসেবে প্রবল আশা দেখান তিনি। বিশেষ করে অনায়াসে ছক্কা মারার দক্ষতা ছিল নজরকাড়া। তবে সামগ্রিক ব্যাটিংয়ের ঘাটতিগুলো ছন্দে থাকার সময়েও পুরোপুরি আড়াল হয়নি। এবার সাইফ পড়ে গেলেন চরম রান খরায়।
ঢাকা ক্যাপিটালসের হয়ে বিপিএল খেলা সাইফের এই অবস্থা কেন, তা ঠিক বুঝতে পারছেন না দলটির কোচ গোলাম মোর্তুজা। টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর এক প্রশ্নের জবাবে সাইফের অনুশীলন নিয়ে কোনো সমস্যা না থাকার কথা জানান তিনি। কোচ বলেন, ‘আমাদের অনুশীলন যখন হচ্ছে, তার শট কোয়ালিটি থেকে শুরু করে সবকিছু কিন্তু শতভাগ ভালো হচ্ছে। কালকেও যখন আমরা নেট করেছি, সবচেয়ে ভালো ব্যাট করেছে সাইফ হাসান। গত কয়েকটা সিরিজেও সে বাংলাদেশের হয়ে ভালো ক্রিকেট খেলেছে। কিন্তু এই টুর্নামেন্টে সফল হতে পারেনি।’
সাইফকে এবার ‘হাইপ’-এর কারণেও দলে নিয়েছিল ঢাকা, কিন্তু ফ্র্যাঞ্চাইজিটিকে চরম হতাশ করেছেন তিনি। তবু তার প্রতি কোচের শুভকামনা, ‘সাইফ আমাদের দেশের একটা সম্পদ। আমাদের দলও তাকে এটা ভেবেই নিয়েছিল যে সে পারফর্ম করবে। কিন্তু সে করতে পারেনি। দোয়া করি, বিশ্বকাপে যেন ভালো ক্রিকেট খেলে।’
সাইফ ছন্দে নেই, ঢাকা ক্যাপিটালসও টানা হারের মধ্যে রয়েছে। দলীয় প্রাপ্তির জায়গা খুব একটা নেই। তবে সাইফকে টানা খেলিয়ে ছন্দে ফেরানোর চেষ্টার কথা জানান মোর্তুজা, ‘আমাদের দলের পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করেছি যেন সে ঘুরে দাঁড়াতে পারে। আমাদের দলের যে অবস্থা ছিল, দল হয়তো প্লে-অফে না যাওয়ারই কথা; তবু আমরা চাচ্ছিলাম সাইফ রান করে বিশ্বকাপের আগে কিছু করুক। আমরা সেই চেষ্টাই করে যাচ্ছি এবং তাকে টানা আত্মবিশ্বাস দিয়ে যাচ্ছি।’