নারী ক্রিকেটে দ্রুততম ১০ হাজার রানের রেকর্ড গড়লেন মান্ধানা

Date:

চতুর্থ ব্যাটার হিসেবে নারী ক্রিকেটে ১০ হাজার আন্তর্জাতিক রানের মাইলফলক স্পর্শ করলেন স্মৃতি মান্ধানা। মিতালি রাজের পর ভারতের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। সব সংস্করণ মিলিয়ে ১০৮৬৮ রান নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন সাবেক অধিনায়ক মিতালি।

আরও দুজন এই মাইলফলক ছুঁয়েছেন— তারা হলেন নিউজিল্যান্ডের সুজি বেটস (১০৬৫২ রান) ও ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডস (১০২৭৩ রান)।

দ্রুততম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক পর্যায়ের নারী ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করার রেকর্ড এখন মান্ধানার। তিন সংস্করণ মিলিয়ে ২৯ বছর বয়সী তারকার লাগল ২৮১টি ইনিংস। মিতালি এই মাইলফলকে পৌঁছাতে ২৯১টি ইনিংস খেলেছিলেন। আর এডওয়ার্ডস ও বেটস নিয়েছিলেন যথাক্রমে ৩০৮টি ও ৩১৪টি ইনিংস।

রোববার তিরুবনন্তপুরমে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে নামার আগে মাইলফলকটি ছুঁতে মান্ধানার ২৭ রান প্রয়োজন ছিল। বাঁহাতি স্পিনার নিমেশা মিপেজকে লং-অন অঞ্চলে ড্রাইভ করে সিঙ্গেল নেওয়ার মাধ্যমে তিনি এই বিরল উচ্চতায় পৌঁছান।

আগের তিন ম্যাচে সুবিধা করতে না পারা মান্ধানা এদিন ৪৮ বলে ৮০ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে ১১টি চার ও তিনটি ছক্কা। ওপেনিং জুটিতে শেফালি বর্মার সঙ্গে তিনি ১৬২ রান যোগ করেন। এটি টি-টোয়েন্টিতে যে কোনো উইকেটে ভারতের সর্বোচ্চ রানের জুটির রেকর্ড।

শেষ হতে যাওয়া বছরটি ভারতের সহ-অধিনায়ক মান্ধানার অসাধারণ কাটল। গত মাসে অনুষ্ঠিত বিশ্বকাপে ভারতের শিরোপা জেতার পথে তিনি প্রথম নারী ব্যাটার হিসেবে এক বর্ষপঞ্জিতে ওয়ানডে ক্রিকেটে ১০০০ রান করার রেকর্ড গড়েন। ২০২৫ সালে এই সংস্করণে তিনি সেঞ্চুরি করেছেন পাঁচটি।

চলতি সিরিজের শুরুর দিকে মান্ধানা দ্বিতীয় ব্যাটার হিসেবে নারী টি-টোয়েন্টিতে ৪ হাজার রানের গণ্ডি পার করেন। বর্তমানে তার রান ৪১০২। এই সংস্করণে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় কেবল বেটস (৪৭১৬ রান) তার চেয়ে এগিয়ে আছেন।

Popular

More like this
Related

বাংলাদেশের জন্য ভারতের মধ্যেই বিকল্প ভেন্যু ভাবছে আইসিসি!

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে...

এক বছরে অগ্নি-ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা বেড়ে তিন গুণ

দেশজুড়ে অগ্নিকাণ্ডের ঝুঁকিতে থাকা ভবনের সংখ্যা ভয়াবহভাবে বেড়েছে। মাত্র...

বোলারদের দাপটে রংপুরকে হারাল সিলেট

ম্যাচের নিয়ন্ত্রণটা শুরু থেকেই নিজেদের হাতে রেখেছিল সিলেট টাইটানস।...

নির্যাতন–অবহেলায় কমছে নারী কর্মীদের অভিবাসন

নানা সমস্যার কারণে গত চার বছর ধরে নারী কর্মীদের...