এএফসি নারী এশিয়ান কাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দলে জায়গা পেয়েছেন সুইডেন প্রবাসী ফরোয়ার্ড আনিকা রানিয়া সিদ্দিকী, অনূর্ধ্ব–১৯ দলের আলপি আক্তার ও সৌরভী আকন্দ প্রীতি।
এশিয়ার শীর্ষ এই টুর্নামেন্টে অংশ নিতে শুক্রবার ভোরে অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে দলের।
ইংলিশ কোচ পিটার বাটলার এর আগে ২৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিলেন। ২৮ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত অস্ট্রেলীয় ট্রেনার ক্যামেরন লর্ডের অধীনে ১২ দিনের ফিটনেস ক্যাম্পে অংশ নেয় সেই দল। ওই সময় বাটলার ছিলেন সদ্য সমাপ্ত সাফ অনূর্ধ্ব–১৯ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অনূর্ধ্ব–১৯ দল নিয়ে ব্যস্ত।
প্রাথমিক দলে থাকা ২৯ জনের মধ্যে সিনহা জাহান শিখা, তনিমা বিশ্বাস, রুমা আক্তার, উম্মে কুলসুম, ফেরদৌস সোনালি, আইরিন আক্তার ও সুরমা জান্নাতসহ সাতজন বাদ পড়েছেন।
অন্যদিকে নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন সৌরভী আফরিন, মুংকি আক্তার, আলপি আক্তার ও সৌরভী আকন্দ প্রীতি।
অস্ট্রেলিয়ায় যাওয়ার পথে থাইল্যান্ডের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা ছিল ফেডারেশনের, তবে সেটি শেষ পর্যন্ত বাতিল হয়েছে।
চূড়ান্ত দল
রূপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী মণ্ডল, আফঈদা খন্দকার, কোহাতি কিস্কু, নাবিরান খাতুন, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, হালিমা খাতুন, সুরভি আক্তার আফরিন, স্বপ্না রানী, মুংকি আক্তার, আইরিন খাতুন, শাহেদা আক্তার রিপা, উমেহলা মারমা, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মারিয়া মান্দা, আনিকা রানিয়া সিদ্দিকী, উন্নতি খাতুন, আলপি আক্তার, সৌরভী আকন্দ প্রীতি, মোসাম্মত সুলতানা, তহুরা খাতুন, মোসাম্মত সাগরিকা ও শামসুন্নাহার জুনিয়র।