নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে ১০ শ্রমিক আহত

Date:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে ১০ শ্রমিক আহত হয়েছেন।

আজ শনিবার দুপুর সোয়া ১টায় উপজেলার বরপা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।

জেলা শিল্প পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে গত মাসের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি দিয়ে বিক্ষোভ শুরু করেন বি ব্রাদার্স গার্মেন্টসের শ্রমিকরা। পরে তারা গার্মেন্টসের সামনে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ওই পোশাক কারখানার মালিক আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া বলে জানা গেছে।

শিল্প পুলিশের পরিদর্শক সেলিম বাদশা বলেন, কারখানাটিতে অন্তত এক হাজার ২০০ শ্রমিক রয়েছেন। তবে গত মাসের বেতন বকেয়া রয়েছে ৭০ থেকে ৮০ জনের। বৃহস্পতিবার তাদের বকেয়া পরিশোধের কথা থাকলেও তা না পেয়ে আজ তারা মহাসড়কে নামেন।  

কয়েকজন শ্রমিক জানান, কয়েকদিন আগে বকেয়া বেতন পরিশোধের দাবি জানালে তাদের মারধর করা হয়। একইসঙ্গে চাকরিচ্যুত করারও হুমকি দেয় কর্তৃপক্ষ।

তারা আরও জানান, আজ মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ করছিলেন। দুপুরে পুলিশ লাঠিচার্জ করলে তারা ইট-পাটকেল নিক্ষেপ করেন। সে সময় পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসে অন্তত ১০ শ্রমিক আহত হয়েছেন।

আসাদুজ্জামান বলেন, মালিকপক্ষ আগামী মঙ্গলবারের মধ্যে বকেয়া পরিশোধের আশ্বাস দিলেও শ্রমিকরা তা মানেননি। বিক্ষোভের একপর্যায়ে তারা পুলিশ ও প্রশাসনের লোকজনের ওপর চড়াও হয়ে ইট-পাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

এ বিষয়ে জানতে বি ব্রাদার্স গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়ার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তারা রিসিভ করেননি।

 

 

Popular

More like this
Related

ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত ২০১, আহত ৭৪৭

ইরানে ইসরায়েলের হামলায় অন্তত ২০১ জন নিহত ও ৭৪৭...

ইরানে ইতিহাসের ‘বৃহত্তম বিমান হামলা’র দাবি ইসরায়েলের

ইরানের ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ওপর হামলায় নিজেদের...

শ্রীলঙ্কাকে হারিয়েও পাকিস্তানের বিদায়, সেমিফাইনালে নিউজিল্যান্ড

৮ উইকেটে ২১২ রানের বড় পুঁজি পাওয়া পাকিস্তানকে সেমিফাইনালে...

খামেনির পতন হলেও যেভাবে চলতে পারে ইরানের শাসনব্যবস্থা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের উত্তেজনা যে যুদ্ধে রুপ...