ঢাকায় নিজ বাসভবনে ওয়ার্ড জামায়াতের নেতাকে হত্যা

Date:

রাজধানীর পশ্চিম রাজাবাজার এলাকায় নিজ বাসভবনে হত্যা করা হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতাকে।

নিহত আনোয়ার উল্লাহ (৬৫) ঢাকা মহানগরী উত্তরের শের-ই-বাংলা নগর দক্ষিণ থানার পশ্চিম রাজাবাজার ওয়ার্ডের সহ-সভাপতি ছিলেন।

তার গ্রামের বাড়ি কুমিল্লায়। পেশায় তিনি একজন হোমিওপ্যাথি চিকিৎসক ও শিক্ষক ছিলেন। তিনি স্ত্রীকে নিয়ে ওই ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে বসবাস করতেন।

নিহতের জামাতা মো. শামসুদ্দোহা জানান, আজ মঙ্গলবার রাত ২টার দিকে দুইজন মুখোশধারী গ্রিল কেটে ঘরে ঢুকে আনোয়ার উল্লাহর দুই হাত বেঁধে নির্যাতন করে।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ভোর ৫টার দিকে আমার শাশুড়ি কল করে আমাকে এ ঘটনা জানান। আমি সঙ্গে সঙ্গে বাসায় গিয়ে তাকে অচেতন অবস্থায় পাই। তার গলায় ওড়না প্যাঁচানো ছিল।’

হত্যাকারীরা ফ্ল্যাট থেকে কিছু মূল্যবান সামগ্রী ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে বলেও জানান তিনি।

গুরুতর অবস্থায় আনোয়ার উল্লাহকে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছেন।

শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) রুবায়েত রাকিব সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। সেখানে নিহতের কপাল ও ডান হাঁটুতে আঘাতের চিহ্ন পাওয়ার কথা উল্লেখ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্বৃত্তরা তার হাত বেঁধে, মুখে কাপড় গুঁজে নির্যাতন করে হত্যা করেছে।

তেজগাঁও জোন পুলিশের সহকারী কমিশনার আক্কাস আলী জানান, সিসিটিভি ফুটেজে দুই ব্যক্তিকে ওই বাসায় প্রবেশ করতে দেখা গেছে। পুলিশের ধারণা, তারাই আনোয়ার উল্লাহকে হত্যা করে মূল্যবান জিনিসপত্র লুট করেছে।

‘আমরা বিষয়টি তদন্ত করছি,’ যোগ করেন তিনি।

আনোয়ার উল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী।

দলটির শোকবার্তায় বলা হয়, আজ বিকেল সাড়ে ৩টায় পশ্চিম রাজাবাজার মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজা ও কুমিল্লার লাকসামে দ্বিতীয় জানাজা শেষে আনোয়ার উল্লাহর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ ঘটনায় দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে এতে আরও বলা হয়, ‘সাম্প্রতিক সময়ে দুটি রাজনৈতিক নেতার হত্যার ঘটনা দুঃখজনক। দ্রুততম সময়ে হত্যার কারণ উদঘাটন করা, দায়ীদের আটক ও শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের ওপর আস্থা হারাবে।’

Popular

More like this
Related

শাহজালাল (র.)–এর মাজার জিয়ারতে তারেক রহমান, কাল থেকে শুরু নির্বাচনী প্রচারণা

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দুই দশকেরও বেশি সময় পর...

নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে আসছে কমনওয়েলথের পর্যবেক্ষক দল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে বাংলাদেশে...

জামায়াত আমিরসহ ৭ নেতার নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ইসির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানসহ সাত শীর্ষ নেতা...

সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ১৯৮১, প্রতীক বরাদ্দ চলছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ আসনে মোট এক...