ঢাকা লিগগুলোর চলমান স্থবিরতা নিয়ে গভীর ক্ষোভ প্রকাশ করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, তারা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বরাবর এই বিষয়ে একটি চিঠি পাঠিয়েছে।
চিঠির একটি অনুলিপি ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান আদনান রহমান দিপনকেও পাঠানো হয়েছে। কোয়াব নিশ্চিত করেছে যে, বোর্ড উভয় চিঠিই গ্রহণ করেছে।
চিঠিতে কোয়াব উল্লেখ করেছে, ঘরোয়া ক্রিকেটের মৌসুম শেষের দিকে চলে এলেও ক্লাব এবং বিসিবির মধ্যকার অচলাবস্থা কাটছে না। তৃতীয় বিভাগ লিগের কোনো প্রস্তুতি নেই এবং দ্বিতীয় বিভাগ লিগে অংশ নিতে না পারা খেলোয়াড়দের জন্যও কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
চিঠিতে বলা হয়, ‘ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করার বিষয়ে কোনো দৃশ্যমান আলোচনা বা পরিকল্পনা নেই। সামগ্রিকভাবে, ঘরোয়া ক্রিকেটের বর্তমান অবস্থা খেলোয়াড়দের জন্য অত্যন্ত হতাশাজনক।’
সংস্থাটি খেলোয়াড়দের জীবনযাত্রার ওপর এর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, কারণ অনেক ক্রিকেটারই জীবিকার জন্য এই লিগগুলোর ওপর নির্ভরশীল।
কোয়াব চিঠিতে জানায়, ‘দেশের ক্রিকেট এবং ক্রিকেটারদের জন্য এই লিগগুলোর গুরুত্ব সম্পর্কে আপনি ভালোভাবেই অবগত। আমরা কেবল আপনাকে জানাতে চাই যে, এই অনিশ্চয়তার কারণে ক্রিকেটাররা গভীর সংকটে রয়েছেন। অনেকে নিরুপায় হয়ে লিগ শুরুর অপেক্ষায় দিন গুনছেন। আয়ের প্রধান উৎস বন্ধ হয়ে যাওয়ায় অনেকে পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন এবং আর্থিক সংকট অনেককে মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলেছে।’
চিঠিতে আরও বলা হয়, ‘একজন সাবেক ক্রিকেটার হিসেবে আপনি নিশ্চয়ই এই বাস্তবতাগুলো উপলব্ধি করতে পারছেন।’
কোয়াব আশা প্রকাশ করেছে, ‘বাংলাদেশ ক্রিকেটের অভিভাবক’ হিসেবে আমিনুল ইসলাম বুলবুল লিগগুলো পুনরায় শুরুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।