জিম্বাবুয়ের কাছে হারে ব্যাটিংকেই দায় দিলেন অজি ব্যাটার

Date:

কলম্বোর মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ১৭০ রান তাড়া করতে না পারাটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না ম্যাট রেনশ। সতীর্থরা যখন তাসের ঘরের মতো ভেঙে পড়ছিলেন, তখন ৪৪ বলে ৬৫ রানের লড়াকু ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি তিনি। ম্যাচ শেষে স্পষ্টভাবেই হারের দায় ব্যাটারদের কাঁধে চাপিয়েছেন এই বাঁহাতি।

শুক্রবার টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬৯ রান করে ২৩ রানে জিতে চমক দেয় জিম্বাবুয়ে। উইকেট যেমনই ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে না পারাকে মানতে পারছেন না রেনশ, ‘সহজ কথা হলো, এই রানটা আমাদের তাড়া করা উচিত ছিল। আজকের হারের জন্য আমি বোলারদের একদমই দোষ দেব না। বরং আমাদের ব্যাটিং ইউনিটই লক্ষ্য পূরণ করতে পারেনি।’ 

জিম্বাবুয়ের বোলারদের প্রশংসা করে তিনি বলেন, ‘ওরা শুরুতে দারুণ বল করে আমাদের চেপে ধরেছিল। আমি আর ম্যাক্সওয়েল (৩১) যখনই রানের গতি বাড়ানোর চেষ্টা করেছি, তখনই ওরা উইকেট তুলে নিয়ে আমাদের ছন্দ ভেঙে দিয়েছে।’

দলের সেরা দুই তারকা মিচেল মার্শ আর মার্কাস স্টয়নিসের অনুপস্থিতি ভুগিয়েছে অস্ট্রেলিয়াকে। চোটের কারণে মার্শ নেই, আর স্টয়নিসও পুরোপুরি ফিট নন। রেনশ মনে করেন, ‘মিচ (মার্শ) ওপেনিংয়ে আমাদের বড় শক্তি। তার না থাকাটা বড় ক্ষতি। তবে আমাদের দলে যারা আছে, তারা সবাই যে কোনো পজিশনে ব্যাটিং করতে সক্ষম। আমরা বিগ ব্যাশে খেলে অভ্যস্ত, তাই ব্যাটিং অর্ডারে পরিবর্তন কোনো অজুহাত হতে পারে না।’

২৯ রানে ৪ উইকেট হারানোর পর রেনশ ও ম্যাক্সওয়েলের ৭৭ রানের জুটি আশা জাগিয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। রেনশোর মতে, ‘আমরা স্রেফ ভুল সময়ে উইকেটগুলো হারিয়েছি। যখনই মনে হচ্ছিল আমরা ম্যাচটা নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছি, তখনই উইকেট পড়ে গেছে। ১৭০ রান তাড়া করার মতো মোমেন্টাম আমরা তৈরি করতে পারিনি।’

গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় থাকলেও বোলারদের ওপর পূর্ণ আস্থা রাখছেন রেনশ। জশ হ্যাজেলউডের মতো অভিজ্ঞ কেউ না থাকলেও যারা স্কোয়াডে আছেন, তারা যথেষ্ট সামর্থ্যবান বলে তিনি মনে করেন। তার ভাষায়, ‘আমাদের বোলাররা বিশ্বমানের। মাঝে মাঝে ভাগ্য পাশে থাকে না বলে বল গ্যাপে পড়ে যায় বা উইকেট আসে না, কিন্তু তাদের প্রতিভা নিয়ে কোনো প্রশ্ন নেই।’

 

Popular

More like this
Related

দুই দিন ধরে ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ, চরম দুর্ভোগে যাত্রীরা

গত দুই দিনে ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ কর্মসূচির কারণে ট্রেনযাত্রীদের...

সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে দিল্লির মন্তব্য প্রত্যাখ্যান ঢাকার

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ)...

হত্যা মামলার আসামিসহ ১৮ জনকে মালয়েশিয়া পাচারের চেষ্টা, আটকে দিলো বিজিবি

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের সময় নারী-পুরুষসহ ১৮ জনকে...

জামায়াতের ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ রোববার পূর্বঘোষিত ৩ জানুয়ারির মহাসমাবেশ...