জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারমিন জাহান হত্যাকাণ্ডের মামলায় তার স্বামী ফাহিম আল হাসানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
আজ সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা সিদ্দিকা এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, রিমান্ড আবেদনসহ ফাহিমকে আদালতে উপস্থাপনের পর তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে পাঁচ দিনের রিমান্ড শুনানির জন্য আগামী ২৪ মার্চ দিন ধার্য করেন ম্যাজিস্ট্রেট।
গতকাল রোববার সাভারের জাবি ক্যাম্পাসসংলগ্ন ইসলামনগর এলাকায় নিজের বাসা থেকে লোকপ্রশাসন বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী শারমিনের মরদেহ উদ্ধার করা হয়।
পরে এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
গতকাল রাতেই সন্দেহভাজন হিসেবে ফাহিমকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার তথ্য জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম।
আজ সকালে ফাহিমকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে উপস্থাপন করা হয়। তিনি ঢাকা কলেজের শিক্ষার্থী।
এদিকে, শারমিন হত্যার প্রতিবাদে দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের সামনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ পরিবার ব্যানারে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান শিক্ষার্থীরা।