চুক্তির প্রস্তাব ফিরিয়ে পিএসজিতে গেলেন দ্রো, ক্ষুব্ধ বার্সেলোনা

Date:

লা মাসিয়ায় বেড়ে ওঠা প্রতিভাবান তরুণ মিডফিল্ডার দ্রো ফার্নান্দেজকে নতুন চুক্তির প্রস্তাব দিয়েছিল বার্সেলোনা। তবে নাটকীয়ভাবে তা ফিরিয়ে দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারী পিএসজিতে যোগ দিয়েছেন তিনি। এই দলবদলকে কেন্দ্র করে তৈরি হওয়া পুরো পরিস্থিতিকে বার্সার সভাপতি হোয়ান লাপোর্তা ‘অপ্রীতিকর’ হিসেবে উল্লেখ করেছেন।

১৪ বছর বয়সে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন দ্রো। স্প্যানিশ ক্লাবটির যুব একাডেমি লা মাসিয়াতে তার বেড়ে ওঠা। পুরো নাম পেদ্রো ফার্নান্দেজ সার্মিয়েন্তো হলেও দ্রো নামেই পরিচিতি পেয়েছেন। তার প্রতিভায় মুগ্ধ হয়ে তাকে মূল দলে সুযোগ করে দেন কোচ হান্সি ফ্লিক। গত বছরের সেপ্টেম্বরে লা লিগায় বার্সার জার্সিতে অভিষেক হয় তার। পিএসজিতে নাম লেখানোর আগে সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেন পাঁচটি ম্যাচ।

স্পেনের ফুটবলাররা ১৮ বছর পূর্ণ হওয়ার আগে দীর্ঘমেয়াদি পেশাদার চুক্তি করতে পারেন না। দ্রো তাই ছিলেন বার্সেলোনার রিজার্ভ বা ‘বি’ দলের মূল চুক্তিতে। ১৮ বছরে পা রাখার আগে চুক্তির মেয়াদ ও রিলিজ ক্লজ— উভয়েরই সীমা থাকে। সেকারণে ‘বি’ দলের বাকিদের মতো তারও রিলিজ ক্লজ ছিল ৬০ লাখ ইউরো। এটি বর্তমান দলবদলের বাজারের আকাশচুম্বী খরচের তুলনায় অত্যন্ত নগণ্য। আর সেই সুযোগটাই লুফে নিয়েছে ফরাসি ক্লাব পিএসজি।

গত ১২ জানুয়ারি ১৮ বছর হওয়ার পর পর বার্সার সঙ্গে দ্রোর নতুন চুক্তি করার কথা ছিল। তার প্রতিনিধিরাও চুক্তির ব্যাপারে একমত হয়েছিলেন। কিন্তু নিজের জন্মদিনের সপ্তাহেই তিনি ফাটান বোমা! কোচ ফ্লিকের সঙ্গে দেখা করে জানিয়ে দেন, তিনি চুক্তিতে স্বাক্ষর করবেন না এবং ক্যাম্প ন্যু ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

স্প্যানিশ গণমাধ্যম কাতালুনিয়া রেডিওকে সভাপতি লাপোর্তা জানিয়েছেন, আকস্মিকভাবে সবকিছু ভেস্তে যায়, ‘এটি একটি অপ্রীতিকর পরিস্থিতি। ১৮ বছর পূর্ণ হলে দ্রোর সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে আমরা একমত হয়েছিলাম। তবে বিস্ময়করভাবে তার এজেন্ট আমাদের জানান যে, তিনি আগের প্রতিশ্রুতি রক্ষা করতে পারছেন না।’

যদিও দ্রোর চুক্তিতে ৬০ লাখ ইউরোর রিলিজ ক্লজ ছিল, কিন্তু ‘সৌহার্দ্যের নিদর্শন’ হিসেবে বার্সেলোনাকে আরও ২০ লাখ ইউরো বেশি দিতে সম্মত হয়েছে পিএসজি। ফলে সব মিলিয়ে তাদের খরচ দাঁড়িয়েছে ৮০ লাখ ইউরো। তবে ভবিষ্যতের সম্ভাব্য একজন তারকাকে হারানোর পুরো প্রক্রিয়াটি কাতালানদের চরমভাবে ক্ষুব্ধ ও হতাশ করেছে।

গত সপ্তাহে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ফ্লিকের কাছে জানতে চাওয়া হয়েছিল দ্রোর দলবদলের ব্যাপারে। প্রথমে মুখ খুলতে না চাইলেও পরে হতাশা প্রকাশ করেন তিনি, ‘আমি তরুণ খেলোয়াড়দের পেছনে এবং তাদের উন্নতির জন্য অনেক শ্রম দেই। তবে তাদের আশেপাশে এমন অনেক মানুষ থাকে (যারা তাদেরকে প্রভাবিত করে)। এমন অনেক ফুটবলার আছে যাদের বয়স মাত্র ১৭ বা ১৮, কিন্তু তাদের হয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য অন্য লোক থাকে। আমি এর চেয়ে বেশি আর কিছু বলতে চাই না।’

মূল দলে জায়গা পেলেও দ্রো খুব বেশি খেলার সুযোগ পাননি। তিনি মাত্র ১৪৮ মিনিট মাঠে ছিলেন। কারণটা সহজেই অনুমেয়— বার্সেলোনার স্কোয়াডে তারকা ও তরুণদের ছড়াছড়ি। দ্রো মূলত অ্যাটাকিং মিডফিল্ডার হওয়ায় তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হতো দানি ওলমো, গাভি ও ফারমিন লোপেজের সঙ্গে। তিনি উইঙ্গার হিসেবেও খেলতে পারেন। সেখানেও আবার ভিড়, রয়েছেন লামিন ইয়ামাল, রাফিনিয়া, ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ধারে আসা মার্কাস র‍্যাশফোর্ড ও রুনি বার্দগি।

তাত্ত্বিকভাবে ফ্লিকের ৪-২-৩-১ ফরমেশনের চেয়ে পিএসজির কোচ লুইস এনরিকের ৪-৩-৩ ফরমেশন দ্রোর খেলার ধরনের সঙ্গে বেশি মানানসই। তাই ধারণা করা হচ্ছে, দ্রো এখন থেকে নিয়মিত ম্যাচ খেলার সুযোগ পাবেন। তার সঙ্গে প্যারিসিয়ানদের চুক্তি হয়েছে আগামী ২০৩০ সাল পর্যন্ত।

Popular

More like this
Related

নতুন পাঠ্যবই থেকে বাদ সাকিব-সালাউদ্দিনের নাম

বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দিন ও দেশের ইতিহাসের সফলতম...

সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই নিয়ন্ত্রণে: ইসি সানাউল্লাহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি...

‘খেলাধুলায় এখনও প্রাণ ফেরেনি’

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর...

আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকে হস্তান্তর

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে আটক...