গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে বাড়িতে হামলার অভিযোগ তুলেছেন মাদ্রাসা অধ্যক্ষ।
ভুক্তভোগী উপজেলার পাকিয়াব বালিকা মাদ্রাসার অধ্যক্ষ মোবারক হোসাইনের অভিযোগ, গত বৃহস্পতিবার দিবাগত রাতে স্থানীয় বিএনপি সমর্থকরা তার বাড়িতে হামলা চালায়। এ সময় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করা হয়।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম দ্য ডেইলি স্টারকে হামলার তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘অধ্যক্ষের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মাদ্রাসা অধ্যক্ষ বলেন, ‘বিএনপির ওয়ার্ড সভাপতি বেলায়েত হোসেন ও ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়ার নেতৃত্বে একদল লোক বাড়িতে এসে ছুরি, বল্লম ও লাঠি দিয়ে হামলা চালায়। পরে পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’
তার অভিযোগ, জামায়াত প্রার্থীকে ভোট দেওয়ায় তার ওপর এ হামলা করা হয়েছে।
তিনি কাপাসিয়া থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানান।
তবে হামলার অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা বেলায়েত হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘হামলার কথা শুনে আমি সেখানে উপস্থিত হয়েছিলাম। তবে আমি বা আমার সমর্থক কেউ এ হামলার সঙ্গে জড়িত নই।’
গাজীপুর-৪ আসনে জামায়াতের নির্বাচিত সংসদ সদস্য সালাহ উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ভিন্ন রাজনৈতিক মতের কারণে নিরীহ নাগরিক ও ভোটারদের ওপর সহিংসতার ঘটনা নিন্দনীয়। ভুক্তভোগীদের পাশে আছি এবং ওই অধ্যক্ষের পরিবারের সঙ্গে দেখা করেছি।’
উপজেলা বিএনপির সদস্যসচিব খন্দকার আজিজুর রহমান পেরা বলেন, ‘এমন কোনো ঘটনার বিষয়ে আমার জানা নেই।’ তবে বিষয়টি খোঁজ নিয়ে সত্যতা যাচাই করবেন বলে জানান তিনি।