গাজীপুরে উদ্বোধনের আগে দেবে গেল ১২ কোটি টাকার সড়ক

Date:

গাজীপুরে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সড়ক উদ্বোধনের আগেই দেবে গেছে। নির্মাণকাজ শেষ হওয়ার মাত্র নয় দিনের মাথায় মহানগরীর কাশিমপুরের ধনঞ্জয়খালী এলাকায় সড়কের একটি অংশ হঠাৎ করে প্রায় ১২ ফুট নিচে ধসে পড়ে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক দেখা দিয়েছে।

আজ রোববার দুপুরে সরেজমিনে দেখা যায়, ওই এলাকার কাশিমপুর নামা বাজার থেকে ধন্দখালী গ্রাম পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কের একটি অংশে বড় ধরনের ধস নেমেছে। গত বৃহস্পতিবার প্রথমে সড়কে ফাটল দেখা দেয়। পরে তা ভেঙে ১০ থেকে ১২ ফুট নিচে দেবে যায়।

কাশিমপুর বারিন্দা গ্রামের বাসিন্দা আনিসুর রহমান বলেন, গতকাল সড়ক প্রায় ১০ থেকে ১২ ফুট দেবে গেছে। আজ আরও দেবে গেছে ৪ থেকে ৫ ফুট। সব মিলিয়ে প্রায় ২০ ফুট দেবে গেছে। এতে পাশের কাশিমপুর উচ্চ বিদ্যালয় ও ধন্দখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয়দের যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে।

তিনি আরও বলেন, কখন সড়ক ভেঙে নদীতে চলে যায়, সেই শঙ্কায় এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন।

গাজীপুর সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, প্রকল্পটি বাস্তবায়নের জন্য ইউসিসিএল নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। মহানগরীর কাশিমপুর এলাকায় তুরাগ নদের পশ্চিম তীরে সিটি করপোরেশনের অর্থায়নে বিটুমিনাস কার্পেটিংয়ের মাধ্যমে সড়ক উন্নয়নকাজ করা হয়। প্রকল্পের আওতায় দুটি প্যাকেজের মাধ্যমে ২৫০ মিটার ডব্লিউবিএম সড়ক, ৬০ মিলিমিটার কার্পেটিং, প্রায় ১ দশমিক ৮ মিটার ফুটপাত, রেলিং ও গার্ড ওয়াল নির্মাণের কথা রয়েছে।

এ বিষয়ে সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক এ কে এম হারুনুর রশীদ দ্য ডেইলি স্টারকে বলেন, এটি প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়েছে। নদীর পাড়ে সড়কের প্রায় ১০ থেকে ১২ ফুট অংশ দেবে গেছে। ১১ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে সড়কটি নির্মাণ করা হয়েছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং বিষয়টি জেলা সিটি করপোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।’

তিনি আরও বলেন, ধসের কারণ অনুসন্ধানে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। কমিটি মাটি ধসে যাওয়ার কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

 

Popular

More like this
Related

জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরানের পারমাণবিক আলোচনা শুরু

তেহরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে ওমানের মধ্যস্ততায় সুইজারল্যান্ডের জেনেভাতে যুক্তরাষ্ট্র...

বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ

ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা মনোনীত হয়েছেন জামায়াতে...

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনকালীন বিরোধের জেরে যুবককে গুলি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নির্বাচনকালীন স্থানীয় বিরোধের জেরে এক যুবক...

ওষুধ বাজারে অস্থিরতা: বাংলাদেশসহ বিকল্প উৎসে ঝুঁকছে আফগানিস্তান

ওষুধ শিল্পে পাকিস্তানের ওপর দীর্ঘদিনের নির্ভরতা কমাতে উদ্যোগ নিয়েছে...