গত অর্থবছরে বাংলাদেশ পর্যটন করপোরেশনের ২২ কোটি টাকা অপারেটিং লাভ

Date:

২০২৪–২০২৫ অর্থবছরেও অপারেটিং লাভের ধারাবাহিকতা বজায় রেখেছে বাংলাদেশ পর্যটন করপোরেশন (বাপক)। গত অর্থবছরে সংস্থাটির অপারেটিং লাভ হয়েছে প্রায় ২২ কোটি টাকা।

গত ২২ জানুয়ারি আগারগাঁওয়ের পর্যটন ভবনে অনুষ্ঠিত বাপক-এর ৫৬তম বাণিজ্যিক সম্মেলনে এই তথ্য জানানো হয়। 

দিনব্যাপী সম্মেলনে সংস্থার সব বাণিজ্যিক ইউনিটের ব্যবস্থাপক ও ইউনিট ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান। সমাপনী পর্বে প্রধান অতিথি ছিলেন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা।

সম্মেলনের শুরুতে পরিচালক (বাণিজ্যিক) আমিল আহমেদ পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে সংস্থার গত অর্থবছরের সার্বিক কার্যক্রম ও আর্থিক পারফরম্যান্স তুলে ধরেন। এ সময় বাণিজ্যিক ইউনিটগুলোর কার্যক্রম আরও জোরদার করে রাজস্ব আয় বাড়ানোর কৌশল, ভবিষ্যৎ লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং বিদ্যমান সমস্যার বাস্তবসম্মত সমাধান নিয়ে আলোচনা হয়।

সমাপনী বক্তব্যে সচিব নাসরীন জাহান বলেন, সীমিত সম্পদ ও সুযোগ-সুবিধার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে বাণিজ্যিক ইউনিটগুলোকে লাভজনক করে তুলতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি পর্যটকদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে বাপক-এর কর্মকর্তা-কর্মচারীদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেন।

মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, সেবার মান উন্নয়ন ও আর্থিক অগ্রগতি নিশ্চিত করতে বাংলাদেশ পর্যটন করপোরেশনের দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি। ইতিবাচক মানসিকতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে বিদ্যমান সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সম্মেলনের শেষ দিনে ২০২৪–২৫ অর্থবছরের পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ‘ম্যানেজার অব দ্য ইয়ার’, ‘বেস্ট পারফরমার’, ‘শ্রেষ্ঠ পাচক’, ‘শ্রেষ্ঠ পরিবেশক’ ক্যাটাগরিতে সাতজন কর্মকর্তা-কর্মচারীকে এবং ‘শ্রেষ্ঠ বাগান সৃজন’ ক্যাটাগরিতে তিনটি বাণিজ্যিক ইউনিটকে ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।

অনুষ্ঠানে চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা সংস্থার সাফল্যে সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে অভিনন্দন জানান এবং সম্মেলন আয়োজনের সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ জানান।

Popular

More like this
Related

দেশের মানুষ জেগে উঠেছে, ভোট এবার তারা দেবেই: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনে দলটির প্রার্থী মির্জা ফখরুল...

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে: তৌহিদ হোসেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে...

এবার বাঁক পরিবর্তনের নির্বাচন: জামায়াত আমির  

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাঁক পরিবর্তনের নির্বাচন বলে আখ্যা...

লিমনকে গুলি: জড়িত র‍্যাব সদস্যদের নাম-ঠিকানা চেয়েছে হাইকোর্ট

ঝালকাঠিতে কলেজছাত্র লিমন হোসেনকে গুলি করে পঙ্গু করার ঘটনায়...