খেলতে নামলেই ১২০ শতাংশ নিংড়ে দেন কোহলি

Date:

লম্বা এক বছরের বিরতি। কিন্তু বিরাট কোহলির ব্যাটিংয়ে পড়ল না কোনো জড়তার ছাপ। টি-টোয়েন্টিতে সেই আগের মতো দুরন্ত ছন্দ দেখালেন তিনি। আইপিএলের উদ্বোধনী ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৩৮ বলে অপরাজিত ৬৯ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে এই তারকা বললেন, অনেক বেশি ‘সতেজ ও রোমাঞ্চিত’ হয়ে নেমে ১২০ শতাংশ নিংড়ে দিচ্ছেন।

শনিবার এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ২০২ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে আরসিবিকে দারুণ শুরু এনে দেন কোহলি। তার হার না মানা ইনিংসে ভর করে ১৫.৪ ওভারেই জয় নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা।

ম্যাচ শেষে কোহলি বলেন, ‘গত ১৫ বছর ধরে যে পরিমাণ ক্রিকেট খেলেছি, তাতে ক্লান্তিতে ভেঙে পড়ার ঝুঁকি ছিল। এই বিরতিগুলো আমাকে মানসিকভাবে চাঙ্গা হতে দারুণ সাহায্য করেছে। এখন আমি যখনই খেলতে নামি, নিজের ১২০ শতাংশ উজাড় করে দেওয়ার চেষ্টা করি। আমি মোটেও অপ্রস্তুত হয়ে ফিরিনি।’

আইপিএলে নামার আগে জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও দুর্দান্ত ফর্মে ছিলেন কোহলি। সেই সিরিজে ৯৩, ২৩ ও ১২৪ রানের ইনিংস খেলে তিনি ছিলেন ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক। এর আগে ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও দুটি সেঞ্চুরিসহ ৩০২ রান করেছিলেন তিনি।

হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে কোহলি পাঁচটি চার ও পাঁচটি ছক্কা মারেন। ১৬তম ওভারে টানা তিনটি চার ও একটি ছক্কা মেরে নান্দনিক ভঙ্গিতে ম্যাচ শেষ করেন তিনি। দীর্ঘ বিরতির পর টি-টোয়েন্টিতে ফিরলেও ওয়ানডের সেই ছন্দ তাকে আত্মবিশ্বাস জুগিয়েছে বলে জানান কোহলি।

তিনি আরও বলেন, ‘আমি আমার স্বাভাবিক শটগুলোই খেলছিলাম। আমি জানতাম ফিটনেস আর ছন্দ ঠিক থাকলে পারফরম্যান্স ভালো হবে। আজকের রাতটি ছিল ভালোভাবে শুরু করার একটি দারুণ সুযোগ।’

আগামী ৫ এপ্রিল নিজেদের মাঠে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে পরবর্তী ম্যাচে মাঠে নামবে আরসিবি।

 

Popular

More like this
Related

ঢাকা লিগ নিয়ে স্থবিরতায় ক্রিকেটারদের সংগঠনের ক্ষোভ, হতাশা

ঢাকা লিগগুলোর চলমান স্থবিরতা নিয়ে গভীর ক্ষোভ প্রকাশ করেছে...

কনটেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম আটক

কনটেন্ট ক্রিয়েটর আরএস ফাহিমকে আটক করেছে পুলিশ।আজ রোববার বিকেলে...

শুটিংয়ে পানিতে ডুবে মারা গেছেন রাহুল অরুণোদয়

শুটিং করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন ভারতীয় অভিনেতা...

‘যারা যুদ্ধে জড়ায়, সৃষ্টিকর্তা তাদের প্রার্থনায় সাড়া দেন না’

পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর নতুন পোপ হিসেবে দায়িত্ব গ্রহণ...