ক্রিজ ছেড়ে বল কুড়াতে গিয়ে বিতর্কিত রান আউট সালমান

Date:

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচে এক চরম নাটকীয় ও বিতর্কিত রান আউটের শিকার হলেন পাকিস্তানি ব্যাটার সালমান আলী আগা। বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের উপস্থিত বুদ্ধিতে এই রান আউটের ঘটনা ঘটে, যা নিয়ে মাঠে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে এবং ‘স্পিরিট অব ক্রিকেট’ নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

ঘটনাটি ঘটে মিরাজের ওভার চলাকালীন। মিরাজের একটি ডেলিভারি মোহাম্মদ রিজওয়ান বোলার বরাবর ডানদিকে ঠেলে দেন। মিরাজ দ্রুত ডানদিকে সরে পা দিয়ে বলটি আটকান। এসময় নন-স্ট্রাইক প্রান্তে থাকা সালমান আগার একেবারে সামনে চলে যান মিরাজ এবং দুজনের মধ্যে কিছুটা সংঘর্ষ হয়। বলটি দুজনের পায়ের কাছে গিয়ে থেমে যায়।

সালমান তখন ক্রিজের বাইরে ছিলেন। তিনি স্পোর্টসম্যানশিপ দেখিয়ে বলটি কুড়িয়ে বোলার মিরাজের হাতে তুলে দিতে চেয়েছিলেন। কিন্তু ক্রিজে ঢোকার কোনো চেষ্টাই করেননি। মিরাজ কালক্ষেপণ না করে দ্রুত বলটি তুলে নিয়ে আন্ডারআর্ম থ্রোতে স্টাম্প ভেঙে দেন। সালমান তখনো ক্রিজের বাইরে এবং পুরো ঘটনায় তিনি রীতিমতো হতবাক হয়ে যান।

অন-ফিল্ড আম্পায়ার তানভীর আহমেদ সাথে সাথেই সিদ্ধান্তটি থার্ড আম্পায়ারের কাছে পাঠান। নিয়ম অনুযায়ী বলটি তখনো ‘ডেড’ হয়নি এবং বোলার হিসেবে মিরাজের এই রান আউট করার পূর্ণ অধিকার ছিল। ফলে থার্ড আম্পায়ার খুব সহজেই সালমানকে আউট ঘোষণা করেন। এই আউটের ফলে ৬২ বলে ৭টি চার ও ২টি ছক্কায় সালমানের ৬৪ রানের দারুণ এক ইনিংসের সমাপ্তি ঘটে।

আউট হওয়ার পর সালমান আগা চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। মাঠ ছাড়ার আগে মিরাজের সাথে তার উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পরিস্থিতি উত্তপ্ত হতে দেখে উইকেটরক্ষক লিটন দাসও এগিয়ে আসেন এবং তাকেও শান্ত করতে রিজওয়ানকে হস্তক্ষেপ করতে হয়।

সালমান এতটাই ক্ষুব্ধ ছিলেন যে, আম্পায়ারের সিদ্ধান্তের পরপরই তিনি রাগে নিজের হেলমেট এবং গ্লাভস খুলে ছুঁড়ে মারেন। সাজঘরের দিকে হেঁটে যাওয়ার সময় বাউন্ডারি লাইনের কাছাকাছি গিয়েও তাকে একইভাবে হেলমেট ও গ্লাভস ছুঁড়ে নিজের ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।

Popular

More like this
Related

ইরানে দুই সপ্তাহে ১৫ হাজারের বেশি হামলা হয়েছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র...

পাবনায় ইফতারের থালায় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন

বিশাল এলাকা জুড়ে সারিবদ্ধভাবে সাজানো বড় বড় থালা (খাঞ্চা)...

দেশে ফিরলেন কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থায় কাতারে আটকে পড়া মোট ৪৩০ জন...

ঢাকায় হঠাৎ শিলাবৃষ্টি

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি হয়েছে।আজ শুক্রবার সন্ধ্যার পর...