পটুয়াখালীর কুয়াকাটায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও হুমকি দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সদস্য মো. মাকসুদ আকনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকালে মহীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, মাকসুদ আকনকে আজই আদালতে তোলা হবে। এর আগে গতকাল সন্ধ্যা ৭টার দিকে কুয়াকাটায় আকনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার প্রাথমিক সদস্য পদ ও সব পর্যায়ের পদ বাতিল করেছে স্বেচ্ছাসেবক দল। আকন কুয়াকাটা পৌর স্বেচ্ছাসেবক দলের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।
পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মশিউর রহমান মিলন ও সাধারণ সম্পাদক মো. এনায়েত হোসেন মোহন এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পুলিশ জানায়, কুয়াকাটার একটি দোকানের মালিকানা দাবি করে হামলা ও ভাঙচুর করেন আকন। ওই ঘটনায় দোকানের মালিক মনির বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এতে আকন ছাড়াও মো. শাহীন মুসুল্লী (২৮) ও মো. রহিমের (৩০) নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা তিন-চারজনকে আসামি করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা আরও তিন-চারজন অজ্ঞাতনামা ব্যক্তিকে সঙ্গে নিয়ে ১৯ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে কুয়াকাটার ‘তানিসা আচার ঘর’ নামে একটি দোকানে প্রবেশ করে ম্যানেজার মো. হাসানকে বাইরে ডেকে নেয়। তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়, এক পর্যায়ে তারা হাসানকে মারধর করেন।
এরপর তারা দোকানের ভেতরে ঢুকে ভাঙচুর করেন এবং ক্যাশবাক্সে থাকা প্রায় ২২ হাজার টাকা নিয়ে যান। হাসানের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত সটকে পড়েন, উল্লেখ করা হয়েছে এজাহারে।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম জানিয়েছেন, বাকিদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।