লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্রদের জন্য বরাদ্দ ভিজিএফ চাল থেকে ‘এমপির থার্টি পার্সেন্ট’ দাবি করার অভিযোগে উপজেলা বিএনপির এক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি।
গতকাল রাতে কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান সবুজের নামে এই নোটিশ জারি করা হয়। জেলা বিএনপির দপ্তর সম্পাদক জয়নুল আবেদীন স্বপনের সই করা ওই নোটিশে আগামী সাত দিনের মধ্যে তাকে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, অভিযুক্ত শামসুজ্জামান সবুজ প্রায়ই এমন কর্মকাণ্ডে জড়িত হচ্ছেন, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এ অবস্থায় তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না—সে বিষয়ে নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে হবে।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক জয়নুল আবেদীন স্বপন বলেন, ‘সাত দিনের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে অভিযুক্তের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযোগ রয়েছে, কালীগঞ্জ উপজেলার মদাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লবকে ফোন করে ভিজিএফ চালের বরাদ্দ থেকে ‘এমপির থার্টি পার্সেন্ট’ দাবি করেন শামসুজ্জামান সবুজ। ওই ইউনিয়নে মোট ৩ হাজার ৩৪৫টি ভিজিএফ কার্ড বরাদ্দ রয়েছে। এর মধ্যে ৩০ শতাংশ হিসেবে ১ হাজার ৩টি কার্ড দাবি করা হয়।
এ ঘটনায় ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতার কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় এবং রাজনৈতিক অঙ্গনেও আলোচনা শুরু হয়।
উল্লেখ্য, শামসুজ্জামান সবুজ লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
অডিও ফাঁসের পর শামসুজ্জামান সবুজ দাবি করেছিলেন, এটি তার কণ্ঠ নয়। ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লবের সঙ্গে তিনি কোনো কথা বলেননি বলেও দাবি করেন। তবে গতকাল রাতে কারণ দর্শানোর নোটিশ পাওয়ার পর তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।